
ফাইল ছবি
শেষ আপডেট: 5 April 2025 15:57
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডেকে নিয়ে ব্যঙ্গ করার ফলে রোষের মুখে পড়েছেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। তাঁর প্যারোডি নিয়ে বিতর্ক শুরু হয় কয়েকদিন আগে। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। এই পরিস্থিতিতে শনিবার অর্থাৎ আজ তাঁর সমস্ত শো ও কন্টেন্ট ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলল বুক মাই শো। শিল্পী তালিকা থেকে তাঁর নামও মুছে ফেলা হয়েছে।
জানা যাচ্ছে, এই ঘটনার ঠিক একদিন আগে, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) যুবনেতা রাহুল এন কানাল ওই টিকিট বুকিং প্ল্যাটফর্মকে একটি চিঠি দেন। সেখানে আবেদন জানানো হয়, কমেডিয়ানের শোয়ের টিকিট বিক্রি যেন বন্ধ করে দেওয়া হয়। চিঠিতে কুণাল লেখেন, 'এই ধরনের শোয়ের টিকিট বিক্রির মাধ্যমে বুক মাই শো যেন কামরার বিভাজনমূলক মন্তব্যকে সমর্থন না করে। এমন মন্তব্য শুধু সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করেছে এমন না, জনমনেও অস্থিরতা তৈরি করেছে। ওমন মন্তব্য সম্প্রীতিতেও ফাটল ধরাতে পারে।'
তিনি আরও বলেন, 'আপনাদের সংস্থা মুম্বই শহরের মতো বৈচিত্র্যপূর্ণ ও সংবেদনশীল একটি শহরে রয়েছে। এখানকার শান্তি ও সামাজিক ভারসাম্য রক্ষা করার দায়িত্ব আপনাদেরও রয়েছে। কামরার মতো ব্যক্তিকে প্ল্যাটফর্ম দেওয়া মানেই তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া, যা শৃঙ্খলা নষ্ট করতে পারে।'
বুক মাই শো কর্তৃপক্ষ কামরার সমস্ত তথ্য এবং টিকিট প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়ার পর, রাহুল কানাল স্বাগত জানিয়ে সংস্থাকে ধন্যবাদ জানান।
এদিকে মঙ্গলবার মুম্বই পুলিশ কামরাকে তৃতীয়বারের মতো তলব করে। তিনি কিছুটা আগে কিছুটা সময় চেয়েছিলেন। পরে সোমবার পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিলেন এই সংক্রান্ত বিষয়ে কথা বলতে।