আবার খুশির খবর বলিউডে। মা-বাবা হতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রথমবার এই সুখবরটি জানিয়েছেন রাজকুমার নিজেই।

রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা
শেষ আপডেট: 9 July 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো: আবার খুশির খবর বলিউডে। মা-বাবা হতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রথমবার এই সুখবরটি জানিয়েছেন রাজকুমার নিজেই। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রাজকুমার লেখেন, "বেবি অন দ্য ওয়ে!"
২০১৪ সালে ‘সিটি লাইটস’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রাজকুমার ও পত্রলেখা। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, প্রেম এবং পরে দীর্ঘ সম্পর্ক পেরিয়ে ২০২১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই মুহূর্তে তাঁদের পোস্ট ঘিরে শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন। অনুরাগী থেকে সহকর্মী—সবাই এই দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
একটা বিজ্ঞাপনই বদলে দিয়েছিল পত্রলেখার দৃষ্টিভঙ্গি। পর্দায় রাজকুমার রাওয়ের অভিনয়ে আগেই মুগ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু সেই বিজ্ঞাপনে তাঁকে দেখে মনে হয়েছিল, “এই মানুষটাই আমার স্বপ্নের পুরুষ।” সেখান থেকেই শুরু হয় এক নিঃশব্দ ভাললাগার গল্প, যা পরে রূপ নেয় প্রেমে, তারপর এক মিষ্টি বন্ধনে।
আজ, সেই ভালবাসার পথে আরও একটি নতুন মোড়। রাজকুমার রাও ও পত্রলেখা এবার তাঁদের জীবনের সবচেয়ে সুন্দর চরিত্রে অভিনয় করতে চলেছেন—একজন বাবা ও একজন মা হিসেবে। এই খবর সামনে আসতেই শুভেচ্ছার ঢল বলিউডে। নুসরত বারুচা, পুলকিত সম্রাট, ফারহান আখতার-সহ অনেকেই তাঁদের এই নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন। প্রেম যখন এমন সৎ ও গভীর হয়, তখন তা শুধু সম্পর্ক নয়, এক নতুন জীবনেরও জন্ম দেয়।