1.jpg)
কত টাকা পেলেন সেই অটোচালক?
শেষ আপডেট: 21 January 2025 14:33
দ্য ওয়াল ব্যুরো: ড্রাইভার মেলেনি সে রাতে। সইফ যখন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন ঠিক তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় অটো করেই। ইতিমধ্যেই সে খবর সামনে এসেছে। তবে নতুন আপডেট, সে রাতে সইফের কাছ থেকে ভাড়া না মিললেও অবশেষে ভাল কাজের ফল পেয়েছেন সেই অটোচালক। পেয়েছেন নগদ টাকা।
অটোচালকের নাম ভজন সিং রানা। উত্তরাখন্ডের মানুষ ভজন বহুদিন ধরেই মুম্বই রয়েছেন। সূত্র জানাচ্ছে, এক অলাভজনক সংস্থা থেকে তাঁকে দেওয়া হয়েছে ১১ হাজার টাকা। তবে সইফের পরিবারের তরফে এখনও পর্যন্ত সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেই খবর। কী ঘটেছিল ১৬ জানুয়ারির রাতে?
অটোচালক জানিয়েছেন, সে রাতে আচমকাই তিনি দেখতে পান বিপরীতের ফ্ল্যাট থেকে এক মহিলা তাঁকে ডাকছেন। ইউ-টার্ন করে গাড়ি নিয়ে গিয়েই দেখেন এ কী কাণ্ড! রক্তাক্ত অবস্থায় সাদা পাঞ্জাবি পরে সেখান থেকে বের হয়ে আসছেন এক ব্যক্তি। গোটা পোশাক লালে-লাল। কালবিলম্ব না করে সেই ব্যক্তিকে নিয়ে পাশেই লীলাবতী হাসপাতালে নিয়ে যান তিনি। তাঁর তৎপরতার কারণেই অতিরিক্ত রক্তক্ষরণের হাত থেকে রক্ষা পান সইফ।
অটোচালকের কথায়, "আমি জানতাম না উনি সইফ আলি খান। শুধু এটাই মাথায় ঘুরছিল একজন অসুস্থ, তাঁকে নিয়ে যে করেই হোক হাসপাতালে যেতে হবে।" জিজ্ঞাসাবাদের জন্য অটোচালককে বান্দ্রা থানাতেও ডাকা হয়, এমনটাই সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছেন সইফ। সফল অস্ত্রোপচার হয়েছে তাঁর। বের করা হয়েছে ছুরির টুকরো। সব ঠিক থাকলে কিছু দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে, হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এমনটাই।