
অর্জুন চক্রবর্তী
শেষ আপডেট: 25 April 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: মৌসুমী চট্টোপাধ্যায় থেকে মুনমুন সেন, দেবশ্রী রায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর নায়িকা। তিনি অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। কিন্তু প্রসেনজিৎ-তাপস পাল-চিরঞ্জিত জমানায় অর্জুন চক্রবর্তী নায়কের দৌড়ে কিছুটা পিছিয়ে ছিলেন। বক্স আর্টিস্ট হিসেবে তাঁকে কোনওদিনই দেখেনি টলিউড (Tollywood)। তবু সহনায়ক রূপে অর্জুন সবার মন জয় করে নিয়েছেন। প্রকৃত ভদ্র চরিত্রগুলো তাঁর অভিনয়ে ফুটত ভাল। এরপর চরিত্রাভিনেতার রোলে বড় পর্দা থেকে ছোট পর্দায় একাধিক কাজ করেছেন অর্জুন। সেই অর্জুন চক্রবর্তীকে বহুদিন আর পর্দায় দেখা যাচ্ছে না। কী বলছেন এই বিষয়ে বর্ষীয়ান অভিনেতা?
গুলজারের সহকারী হিসেবে কেরিয়ারের শুরুতে হাত পাকিয়েছিলেন অর্জুন। কিন্তু কলকাতা এসে হয়ে গেলেন পুরোদস্তুর অভিনেতা। যদিও পরবর্তীকালে সুচিত্রা ভট্টাচার্যর কাহিনি নিয়ে 'টলিলাইটস' ছবি করেছিলেন অর্জুন। কিন্তু বর্তমানে কোনও রূপেই আর দেখা যাচ্ছে না অর্জুন চক্রবর্তীকে। কেন?
অভিনেতা নিজেই বললেন 'একটা সময় লোকের পেছনে অনেক তেল মেরেছি। কিন্তু আমার চোখেমুখে সেই তেল ফুটে উঠত। এই বয়সেও অভিনয়ে সুযোগ পেতে গেলে এখনকার পরিচালকদের তেল দিতে হবে। আবার ছবি পরিচালনা করতে গেলে নিত্যনতুন প্রযোজকদের তেল দিতে হবে। এখন এই বয়সে নিজেকে প্রমাণ করার আর কিছু নেই। তবু আমাদের ইন্ডাস্ট্রির এমনই অবস্থা। আর আমি ভীষণ কুঁড়ে। এসব করার আর ইচ্ছে নেই। '

'কড়ি দিয়ে কিনলাম', 'ঠিকানা', 'হুইল চেয়ার', 'সিরাজ',' 'দেবতা', 'জীবন নিয়ে খেলা', 'চারুলতা ২০১১' একাধিক ছবির জনপ্রিয় অভিনেতা ছিলেন অর্জুন।

তবে ভাল পরিচালকদের থেকে আর তিনি ডাক পান না। অর্জুন বলছেন 'এখনও লোকে আমার ভুল ধরে। ইন্ডাস্ট্রিতে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। ছবি কবে বানাব তা আর ঠিক করিনি। চিত্রনাট্য লেখা অনেক পড়ে আছে। কিন্তু প্রযোজক পাচ্ছি না। আমার কাছে এত তেলের ভাণ্ডার নেই যে তেল দেব সবাইকে। তাই আমায় কম দেখছেন পর্দায়। যা কাজ করেছি এতদিন, আর কোনও কাজ না করলেও চলবে।'