
শেষ আপডেট: 19 October 2023 14:12
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পুজোর ঢাক বেজে গিয়েছে। পুজো মানেই সমস্ত ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে রেখে কাছাকাছি আসার সময়। পুজোর মুখে বলিউডেও সুখবর। বাংলার গায়ক অরিজিৎ সিং এবং সলমন খানের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।
সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছিল যে বলিউডে নাকি দীর্ঘ দিনের সম্পর্কের জটিলতা কাটিয়ে কাছাকাছি আসছেন সলমন খান এবং অরিজিৎ সিং। এর মধ্যে একদিন সল্লু ভাইয়ের বাড়িতেও গিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে কী কথা হয়েছিল যদিও জানা যায়নি।
View this post on Instagram
সেই সাক্ষাৎকার যে রীতিমতো কার্যকরী হয়েছে এবার তার প্রমাণ মিলল। সলমনের নতুন ছবি টাইগার থ্রি-তে একটি আইটেম নাম্বার গাইবেন অরিজিৎ সিং। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সলমন 'টাইগার থ্রি'-এর নতুন গানের ঘোষণা করলেন। 'লেকে প্রভু কা নাম' গানেই শোনা যাবে অরিজিতের গলা। ইনস্টাগ্রামে এই গানের ঘোষণার পাশাপাশি অরিজিতের গান গাইবার বিষয়টিও নিশ্চিত করলেন সলমন।
২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শুরু হয় সলমন অরিজিৎ সংঘাত। এর জেরে 'সুলতান' ছবি থেকে বাদ পড়েন অরিজিৎ সিং। এরপর টানা নয় বছর ধরে সলমনের কোনও ছবিতেই গান গাইতে শোনা যায়নি অরিজিৎকে। শোনা যায় অরিজিতের কেরিয়ার নাকি শেষ করে দিতে চেয়েছিলেন ভাইজান, যদিও বাস্তবে তা সম্ভব হয়নি। দু'জনের পথ আলাদা হলেও নিজের মতো করে এগিয়ে গিয়েছেন। প্রসঙ্গত, গত কয়েক বছরে সলমনের উল্লেখযোগ্য কোনও ছবি নেই। অন্য দিকে এই মুহূর্তে বলিউডের অন্যতম গায়ক হিসেবে অরিজিৎ চুটিয়ে কাজ করে চলেছেন। ফলে, একরকম ব্যাক ফুটে গিয়েই ভাইজান সন্ধি করলেন অরিজিৎ সিংয়ের সঙ্গে, বলছেন বলিউডের একাংশ।