
ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে রিঙ্কু সিংয়ের সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়
শেষ আপডেট: 16 September 2024 18:21
দ্য ওয়াল ব্যুরো: বর্তমান ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকানো এমন কোনও বড় ব্যপার নয়। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ কয়েকজন ব্যাটার এই কৃতিত্ব অর্জন করেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রবি শাস্ত্রী, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা এবং ঋতুরাজ গায়কোয়াড় এমন নজির স্থাপন করেছেন।
তবে এক কদম এগিয়ে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি এক ওভারেই সাতটি ছক্কা হাঁকালেন। বিশ্বের কোনও ব্যাটারই এখনও পর্যন্ত এমন কৃতিত্ব কায়েম করতে পারেননি। ২০২২ সালে বিজয় হাজারে ট্রফি খেলার সময় ঋতুরাজ এই কৃতিত্ব অর্জন করেন। ঋতুর এমন ব্যাটিং তাণ্ডবের সামনে উত্তরপ্রদেশের বোলার শিবা সিং কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন।
6⃣,6⃣,6⃣,6⃣,6⃣nb,6⃣,6⃣
— BCCI Domestic (@BCCIdomestic) November 28, 2022
Ruturaj Gaikwad smashes 4⃣3⃣ runs in one over! ????????
Follow the match ▶️ https://t.co/cIJsS7QVxK…#MAHvUP | #VijayHazareTrophy | #QF2 | @mastercardindia pic.twitter.com/j0CvsWZeES
এই ওভারে ঋতুরাজ মোট ৪৩ রান সংগ্রহ করেছিলেন। এই ওভারে তিনি মোট সাতটি ছক্কা হাঁকান। কিন্তু ওভারের পঞ্চম বলটা নো হয়ে যায়। সেকারণে ঋতুরাজ একটা বেশি ডেলিভারি খেলার সুযোগ পেয়ে যান। প্রতিটা বলে ছক্কা হাঁকানোর কারণে এই ওভার থেকে মোট ৪৩ রান আসে। আর সেইসঙ্গে এক ওভারে সর্বাধিক রান করার রেকর্ডও ঋতুরাজের দখলে চলে আসে।
ইতিপূর্বে এই রেকর্ডটি জিম্বাবোয়ের এল্টন চিগুম্বরার দখলে ছিল। ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি আলাউদ্দিন বাবুর এক ওভারে ৩৯ রান সংগ্রহ করেছিলেন।
বিশ্বের সবথেকে বড় নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ঋতুরাজ এই সাত ছক্কার নজির কায়েম করেছিলেন। এই ইনিংসে তিনি ১৬ ছক্কা এবং ১০ বাউন্ডারি হাঁকিয়ে মোট ২২০ রান করেছিলেন। ঋতুর এই ইনিংসের দৌলতে মহারাষ্ট্র পাঁচ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে তোলে।