২৬ বছর বয়সী অর্জুন তেন্ডলকর পেসার হিসেবে পেস নয়, সুইংয়ের জন্য পরিচিত। কিন্তু সেসব ছাপিয়ে ক্রিকেটের আলোচনায় ‘সচিনের ছেলে’ তকমা সবসময় আগে আসে, তাঁর নিজস্ব পরিচয় পরে।

সচিন ও অর্জুন
শেষ আপডেট: 1 April 2026 18:26
দ্য ওয়াল ব্যুরো: বাবার নাম সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ক্রিকেটের ঈশ্বর। এই পরিচয় নিয়ে বেড়ে ওঠা—আশীর্বাদ না অভিশাপ? প্রশ্নের উত্তরে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) এবার সরাসরি জবাব দিলেন। জানালেন, অহরহ তুলনা হয়—সেটা সত্যি। কিন্তু সেই তুলনার ভার মাথায় নিয়ে তিনি (Arjun Tendulkar) মাঠে নামেন না।
‘প্রমাণ করতে নয়, খেলি ভালবেসে’
ইউটিউব চ্যানেলে শুভঙ্কর মিশ্রের সঙ্গে কথোপকথনে (Shubhankar Mishra Podcast) অর্জুনের মন্তব্য, ‘আমি ক্রিকেট খেলি নিজের আবেগ থেকে। কাউকে কিছু প্রমাণ করতে নয়। কঠোর পরিশ্রম করা আর খেলাটা উপভোগ করা—এতেই মনোযোগ!’ বাবা সচিন তেন্ডুলকর, যাঁর নায়কোচিত ইমেজের সঙ্গে যুক্ত থাকা একদিকে সুবিধের, অন্যদিকে চ্যালেঞ্জিং—স্বীকার করলেন অর্জুন। তবে পাশাপাশি এও জানালেন, বাইরের কথায় কান দেন না। নিজের পথেই চলতে থাকেন।
মুম্বইয়ে সুযোগ কম
২০২১ সালে মুম্বই ইন্ডিয়ানসে (Mumbai Indians) যোগ দিয়েছিলেন। ২০২৫ পর্যন্ত ছিলেন—কিন্তু সুযোগ সেভাবে আসেনি। বাঁ-হাতি এই পেসারকে বারবার বেঞ্চে বসে থাকতে হয়েছে। তাঁকে জিজ্ঞেস করা হল—কম সুযোগ পেয়ে কি মনে হয়েছে আরও বেশি পাওয়া উচিত ছিল?
উত্তর এবারও অকপট, ভণিতাহীন—‘এটা কে না চায়? কেউ বেঞ্চে বসে থাকতে পছন্দ করে না। কিন্তু যখন সুযোগ আসবে, তখন পারফর্ম করতে হবে—তার জন্যই খেটে চলা!’
লখনউয়ে নতুন শুরু
এই আইপিএলে অর্জুন লখনউ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants)। ৩০ লক্ষ টাকায় ট্রেড হয়েছেন মুম্বই থেকে। ঈশান-অভিষেকদের টিমে আরও বেশি সুযোগ পাওয়ার প্রত্যাশা রাখছেন।
উল্লেখ্য, ২৬ বছর বয়সী অর্জুন তেন্ডলকর পেসার হিসেবে পেস নয়, সুইংয়ের জন্য পরিচিত। কিন্তু সেসব ছাপিয়ে ক্রিকেটের আলোচনায় ‘সচিনের ছেলে’ তকমা সবসময় আগে আসে, তাঁর নিজস্ব পরিচয় পরে। সেই বাস্তবতা মেনে নিয়েই এগিয়ে চলেছেন—না ভেঙে, না থেমে।