সবমিলিয়ে তিনটি লক্ষ্য। নিপাট সংখ্যার হিসেব। কোনও আবেগের মোড়ক নেই। চলতি সিজন তাই বিরাট কোহলির কাছে রেকর্ডের বছর—ক্রিকেটীয় অঙ্কে সাজানো মিশন।

বিরাট কোহলি
শেষ আপডেট: 2 January 2026 10:26
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ শেষ। সামনে ২০২৬। আর এই নতুন বছরে তিনটে স্পষ্ট মাইলস্টোন চোখে রেখে নামতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আবেগ নয়, প্রত্যাশা নয়—নিরেট সংখ্যার হিসেবেই এগোচ্ছে তাঁর ক্যালেন্ডার। তিনটি রেকর্ড, তিনটি লক্ষ্য। একটাও অলীক নয়।
আইপিএলে ৯ হাজার রানের দোরগোড়ায়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এই মুহূর্তে সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট। ২৫৯ ইনিংসে ৮ হাজার ৬৬১ রান। ২০২৬ আইপিএলে দরকার মাত্র ৩৩৯ রান। হাতে এলে তিনিই হবেন টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি ৯ হাজার রান ছুঁলেন। গোটা কেরিয়ারে একটি দলের হয়েই খেলেছেন—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। গত তিন মরশুমে একবারও ৬০০-র কম রান নেই। হিসেবটা তাই বেশ সরল।
ওয়ানডেতে ১৫ হাজার: টার্গেট সচিন
ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রান—এই ক্লাবে এখন একটাই নাম। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান। বিরাটের আপাতত ১৪,৫৫৭, ইনিংস ২৯৬। দরকার ৪৪৩। ২০২৬ সালেই সেই গণ্ডি পেরনো সম্ভব। সেক্ষেত্রে তিনি দ্বিতীয় ব্যাটার হিসেবে ঢুকে পড়বেন এই এলিট লিস্টে।
আন্তর্জাতিক রানে দু’নম্বরে ওঠার সুযোগ
টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের মোট রান ২৭,৯৭৫। সামনে কেবল একটিই নাম—কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara), যাঁর ঝুলিতে ২৮,০১৬। ব্যবধান মাত্র ৪২ রানের। ২০২৬-এর শুরুতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম ম্যাচেই এই রেকর্ড ভাঙা সম্ভব। তাহলে আন্তর্জাতিক রানে দ্বিতীয় স্থানে উঠে যাবেন বিরাট।
সবমিলিয়ে তিনটি লক্ষ্য। নিপাট সংখ্যার হিসেব। কোনও আবেগের মোড়ক নেই। চলতি সিজন তাই বিরাট কোহলির কাছে রেকর্ডের বছর—ক্রিকেটীয় অঙ্কে সাজানো মিশন।