টানা তিন ম্যাচে হার! ওয়াংখেড়েতে আরসিবির কাছে হারের পর সতীর্থদের কড়া বার্তা দিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ড্রেসিংরুমে ঠিক কী বললেন তিনি? বিস্তারিত পড়ুন।

হার্দিক পাণ্ডিয়া
শেষ আপডেট: 13 April 2026 12:28
দ্য ওয়াল ব্যুরো: টানা তিন ম্যাচে হার। মাঠে ছন্দ নেই, ড্রেসিংরুমে চাপ স্পষ্ট। এমন সময়ই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) সতীর্থদের চোখে চোখ রেখে সোজা কথা বললেন। কোনও ঘুরপথ নয়। দলের সামনে রাখলেন দুটো অপশন—হয় লুকিয়ে পড়ো, নয়তো একসঙ্গে লড়াই চালাও। রবিবার রাতে ওয়াংখেড়ে ময়দানে (Wankhede Stadium) আরসিবির হাতে পরাজয়ের পর তাঁর বার্তা কড়া, বক্তব্য পরিষ্কার।
"𝘓𝘦𝘵'𝘴 𝘭𝘦𝘢𝘳𝘯 𝘧𝘳𝘰𝘮 𝘰𝘶𝘳 𝘮𝘪𝘴𝘵𝘢𝘬𝘦𝘴" - Captain HP's message to the team! 💙 pic.twitter.com/UAJ36N0ceq
— Mumbai Indians (@mipaltan) April 13, 2026
গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে ড্রেসিংরুমে দাঁড়িয়ে হার্দিক জানালেন, দলের সামনে এখন দুটো রাস্তা খোলা। এক—নিজের ঘরে ফিরে গিয়ে একা একা ভেবে চলা। কোথায় ভুল, কার ভুল—এই নিয়ে। দুই—সবাই একসঙ্গে বসে সমস্যার মুখোমুখি হওয়া। হার্দিকের কথায়, ‘হারতে খারাপ লাগে, কিন্তু পরাজয় থেকে শেখা দরকার। হার বলে কিছু নেই, আছে শিখে চলা!’ তিনি আরও জানান, ম্যাচের পর দল একসঙ্গে ডিনার করবে। ক্রিকেট নিয়ে কথা হবে। প্রয়োজনে অন্য কিছু নিয়েও চর্চা চলবে। কিন্তু সমাধান বের করতেই হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে তোলে ২৪০। ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটিদার সবাই রান পান। মুম্বইয়ের বোলিং শুরু থেকেই চাপে। চেজ করতে নেমেও সেই ছবি বদলায়নি। রাদারফোর্ড (Sherfane Rutherford) ৩১ বলে ৭১* রান হাঁকিয়ে লড়াই জারি রাখেন। কিন্তু বাকিরা সেভাবে সাপোর্ট জোগাতে ব্যর্থ। যার জেরে ১৮ রানে হার। টানা তিন ম্যাচে পরাজয়।
ম্যাচের পর হার্দিকের বিশ্লেষণ, দল বারবার ম্যাচে ‘ক্যাচ আপ’ করছে। যার অর্থ, গোড়া থেকেই পিছিয়ে পড়ছে। বিশেষ করে বোলিং ইউনিট নিয়ে অসন্তোষ লুকোননি তিনি। বলেন, ‘এত রান দিলে ম্যাচে ফিরতে সবসময় চাপ থাকবে।’ সেই সঙ্গে জানান, এখন ব্যাটিং, বোলিং—দুটো বিভাগই নতুন করে ভাবতে হবে। টস জেতা, আগে বা পরে ব্যাট—সবকিছুই ফের খতিয়ে দেখা হবে।
মুম্বই ইন্ডিয়ান্সের মতো দল, যারা অতীতে ট্রফি জিতেছে, এখন দিশেহারা। হার্দিকের বক্তব্য শুধুই কথার কথা নয়। জোরালো সতর্কবার্তা। এখন দেখার—অধিনায়কের পেপ টকের পর দল খোলসে ঢোকে, নাকি সত্যিই কাঁধে কাঁধ মিলিয়ে শুরু হয় কামব্যাকের লড়াই।