আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ ব্রেট লি! ২০০৬ সালের ডুয়েট গানের স্মৃতিচারণ করতে গিয়ে কিংবদন্তি গায়িকাকে ‘ভারতের আরেথা ফ্র্যাঙ্কলিন’ বলে সম্বোধন করলেন অজি পেসার। সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি? বিস্তারিত পড়ুন।

ব্রেট লি ও আশা ভোঁসলে
শেষ আপডেট: 13 April 2026 16:03
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট ও সংগীতের মেলবন্ধন বিরল। কিন্তু আজ থেকে দু’দশক আগে এমনই এক অসাধারণ সঙ্গত দেখেছিল দুনিয়া। অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি ব্রেট লি (Brett Lee) ও ভারতের সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে (Asha Bhosle) মিলে গেয়েছিলেন ডুয়েট। গানের নাম ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’। গতকাল ৯২ বছর বয়সে আশাজির প্রয়াণের পর সেই স্মৃতি ফিরে দেখলেন লি, ইনস্টাগ্রামে লিখলেন আবেগঘন পোস্ট।
ব্রেট লির কথায়, ‘২০০৬ সালে আশা ভোঁসলের সঙ্গে গান লেখা ও রেকর্ড করার সুযোগ পাই। এই অভিজ্ঞতার জন্য চিরকৃতজ্ঞ থাকব। তাঁর অসামান্য প্রতিভার চেয়েও বেশি করে মনে রয়েছে স্বভাবের বিনম্রতা ও আচরণের উষ্ণতা। এত অর্জনের পরেও অত্যন্ত সাদাসিধে ছিলেন তিনি!’ এরপর জুড়ে দিলেন, ‘ওঁর মতো মানুষের সঙ্গে অল্প কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম—এটাই আমার পরম সৌভাগ্য!’
গানের গল্প শুধু মঞ্চের আলোয় নয়, পর্দার আড়ালেও ছিল মজার কাহিনি। লি তাঁর আত্মজীবনীতে লেখেন, ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত সফরের সময় কীভাবে মিউজিক ভিডিও শ্যুট করেছিলেন। সতীর্থদের কেউই কিছু জানত না। লি তাঁদের বলেন, ‘রাস্তায় ঘুরতে যাচ্ছি!’ এদিকে তখন ভেতরে ভেতরে গান তৈরি হচ্ছিল। যার কথা লিখেছিলেন মাত্র আধ ঘণ্টায়। হিন্দি লাইনেও কণ্ঠ দিয়েছিলেন—‘হাঁ, ম্যায় তুমহারা হু, তুমহারা হি রহুঙ্গা!’
সময় ঘুরেছে। এরপর সিডনি অপেরা হাউসে আশা ভোঁসলের কনসার্টে যান ব্রেট লি। তাঁর থেকে উপহার পান সই করা অ্যালবাম। অজি তারকার চোখে যা জীবনের ‘অমূল্য সম্পদ’!
লি তাঁর বইতে লিখেছিলেন, ‘আশাজি অসাধারণ ভদ্রমহিলা। কী দারুণ রসবোধ। বলিউডের হাজারো গান, অগণিত অ্যালবাম এবং সত্তরেও সমান তেজে গাইছেন। উনি ভারতের আরেথা ফ্র্যাঙ্কলিন!’ এই তুলনাই বলে দেয়, ভারতীয় সংগীত নিয়ে লি-র শ্রদ্ধা কতখানি গভীর, আশাজির প্রতি কতটা মুগ্ধতা।
উল্লেখ্য, আশা ভোঁসলে ১৯ এপ্রিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। ১২ এপ্রিল, রবিবার, ৯২ বছর বয়সে তাঁর প্রয়াণ। যা ভারতীয় সংগীতের একটি যুগের সমাপ্তি। আজ আশা নেই। কিন্তু তাঁর কণ্ঠ ও স্মৃতি থাকবে, ব্রেট লির মতো অগণিত অনুরাগীর হৃদয়ে।