
শেষ আপডেট: 9 December 2023 00:21
দ্য ওয়াল ব্যুরো: রেপোরেট অপরিবর্তিত রাখার পর এবার ইউপিআই পেমেন্ট নিয়ে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত এবার ইউপিআই পেমেন্ট করা যাবে বলে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার থেকে এক লপ্তে আরও বেশি টাকা লেনদেন করতে পারবেন আপনি।
যেমন ধরুন, স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে টাকা দেওয়ার জন্য এতদিন পর্যন্ত ইউপিআই লেনদেনের সীমা ছিল ১ লক্ষ টাকা। শুক্রবার ৮ ডিসেম্বর থেকে এই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, “ইউপিআই পেমেন্টের সীমা বাড়ানোর ফলে উপভোক্তারা শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন।” এর পাশাপাশি, মিউচুয়াল ফান্ড বিনিয়োগ, বিমা এবং ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধের জন্য অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশনের সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরবিআইয়ের নতুন সিদ্ধান্তের পর, এখন ইউপিআই-এর সাহায্যে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশি টাকা পাঠানো যাবে। নতুন নীতি অনুসারে, এখন এই জায়গাগুলিতে প্রতি লেনদেন ১ লক্ষ টাকার পরিবর্তে ইউপিআই-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যাবে। রিজার্ভ ব্যাঙ্কের আশা, নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানগুলিতে ইউপিআই-এর ব্যবহার আরও বাড়বে। হাসপাতালের বিল এবং স্কুল-কলেজের ফি পরিশোধে যে সমস্যা তৈরি হয় তা কমবে।
তবে মুদ্রাস্ফীতি নিয়ে শঙ্কা রয়েই গিয়েছে। মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্কি বেশি না দেখালেও বাস্তবে যে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গত বছরে চার বার রেপোরেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল তারা। তাতে মধ্যবিত্তের সংকট আরও বেড়েছিল। গাড়ি-বাড়ির ইএমআই বেড়েছিল। কিন্তু চলতি বছরে রেপোরেট বাড়ানোর সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক জানায়নি। ফলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেছে। এরই পাশাপাশি ইউপিয়াই পেমেন্টের পরিমাণ বাড়ানোয় ডিডিটাল ট্রানজাকশন আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।