
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 April 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন পেমেন্ট (UPI) করতে গেলে কি এবার থেকে জিএসটি (GST) দিতে হবে? আচমকা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে, এবার থেকে নাকি ইউপিআই-এ ২ হাজার টাকার বেশি পেমেন্ট করলে জিএসটি দিতে হবে গ্রাহকদের! এই নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। কী জানাল কেন্দ্র?
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড বা সিবিআইসি স্পষ্ট জানিয়েছে, ইউপিআই পেমেন্টে জিএসটি নেওয়ার খবরটি পুরো ভুয়ো। এমন কোনও ভাবনা কেন্দ্রীয় সরকারের নেই। খবর ছড়ানো হয়েছে, ইউপিআই অ্যাপে ২ হাজার টাকার বেশি মূল্যের লেনদেন করলে নাকি ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল খবর।
ইউপিআই নিয়ে এমন খবর ছড়ানোর ফলে স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ বর্তমানে বেশিরভাগ মানুষ অনলাইন পেমেন্টের ওপরই নির্ভরশীল। সাধারণ ছোট দোকান থেকে শুরু করে বড় শপিং মল, সব জায়গাতেই ইউপিআই পেমেন্টের রমরমা। তাই এর সঙ্গে যদি জিএসটি জুড়ে দেওয়া হয় তাহলে আমজনতার ওপরই চাপ বাড়বে। যদিও কেন্দ্রীয় সরকার সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, এমন কোনও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভাবা হয়নি।
The claims that the Government is considering levying GST on UPI transactions over ₹2,000 are completely false, misleading, and without any basis.
— CBIC (@cbic_india) April 18, 2025
????Currently, there is no such proposal before the government.
????GST is levied on charges, such as the Merchant Discount Rate…
সিবিআইসি-র তরফে এটাও জানানো হয়েছে, নির্দিষ্ট পেমেন্ট পদ্ধতিতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর-এর মতো চার্জের ক্ষেত্রে জিএসটি প্রযোজ্য। তবে সাধারণের জন্য ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে এমন কোনও প্রস্তাব আনা হয়নি।