বোটক্সের পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে বিশ্বজুড়ে বাড়ছে আকুপাংচারের জনপ্রিয়তা। বলিরেখা কমাতে কোনটি বেশি কার্যকর ও নিরাপদ? খরচ কত? জানুন বিস্তারিত।

ফাইল চিত্র
শেষ আপডেট: 2 December 2025 23:13
দ্য ওয়াল ব্যুরো: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক কুঁচকে যাওয়া বা বলিরেখা পড়াটা বেশ স্বাভাবিক। তবে আধুনিক যুগে অনেকেই শরীরের এই স্বাভাবিক ছাপটুকুও মেনে নিতে রাজি নন। ত্বককে যৌবনের মতো ঝকঝকে ও টানটান রাখতে চেষ্টার আর শেষ নেই। তারকাদের দেখাদেখি সাধারণ মানুষও ত্বকের তারুণ্য ধরে রাখতে বিভিন্ন পদ্ধতির সাহায্য নিচ্ছেন। কেউ বেছে নিচ্ছেন বোটক্স, কেউ আবার লেজার প্রযুক্তির মাধ্যমে বলিরেখা মুছে দিচ্ছেন। এছাড়া অনেকেই নানা রকম রেডিয়েশন থেরাপি বা অন্যান্য আধুনিক চিকিৎসার দিকে ঝুঁকছেন।
বয়স বাড়লেও ত্বকের উপর তার ছাপ যেন না পড়ে, সেই চেষ্টাই চলছে এখন অবিরত। তবে এখন সেই বোটক্সের সম্ভাব্য ঝুঁকি (যেমন পেশীর দুর্বলতা বা বটুলিজম) নিয়ে আতঙ্ক বাড়ছে। এর ফলে বহু মানুষ এখন বোটক্স এড়িয়ে চলছেন এবং 'ফেসিয়াল রিজুভেনেশন আকুপাংচার' বা মুখের সৌন্দর্য ফেরানোর জন্য আকুপাংচার চিকিৎসার দিকে ঝুঁকছেন।
৪২ বছর বয়সী ক্রিস্টিনা ম্যাকাম্বার, যিনি এক দশক ধরে বোটক্স নিচ্ছিলেন, তিনি ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়ার গল্প শুনে এই চিকিৎসা থেকে সরে এসেছেন। তিনি বিকল্প খুঁজতে শিকাগোর 'মুন র্যাবিট আকুপাংচার'-এ যান। প্রথমদিকে তিনি এর কার্যকারিতা নিয়ে খুব বেশি কিছু জানতেন না, কিন্তু কয়েকটি সেশনের পর তিনি বোটক্সের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দেন।

কেন আকুপাংচারের দিকে ঝুঁকছেন?
এই প্রাচীন চিনা চিকিৎসা পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট কিছু স্থানে সূক্ষ্ম সুঁচ ঢোকানো হয়। যা দীর্ঘদিনের ব্যথা, উদ্বেগ এবং বন্ধ্যাত্বের মতো সমস্যার পাশাপাশি ত্বকের সতেজতা বাড়াতেও ব্যবহৃত হচ্ছে।
বোটক্সের ভয় কোথায়?
'মুন র্যাবিট আকুপাংচার'-এর মালিক গুডরুন স্নাইডার জানান, তাঁর কাছে আসা বেশিরভাগ মানুষ বোটক্স এড়িয়ে চলতে চান। তারা বিশেষত হাসির রেখা, চোখের কোণের বলিরেখা এবং দুই চোখের মাঝখানের রেখাগুলির জন্য একটি নরম এবং রাসায়নিকমুক্ত সমাধান খুঁজছেন।
আকুপাংচার ত্বকে ছোট ছোট 'মাইক্রো-ক্ষত' তৈরি করে, যা শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে। এর ফলে ত্বকে কোলাজেন এবং ইলাস্টিন উৎপাদন বাড়ে, যা বলিরেখা কমাতে সাহায্য করে। এটি রক্তপ্রবাহ বাড়িয়ে দেয়, ফলে ত্বকের কোষে আরও বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়।
নিউইয়র্কের লাইসেন্সপ্রাপ্ত আকুপাংচার বিশেষজ্ঞ ড. ব্রিটানি স্নাইডারও একই প্রবণতা দেখছেন। তিনি বলেন, অনেকে বেসাময়িক বিরতিতে বোটক্স নিতে চান না। ORA-তে ৬৫ মিনিটের একটি সেশনের খরচ ২৫০ ডলার, যা বীমার আওতায় পড়ে না।
ডাক্তার স্নাইডার আকুপাংচারকে 'স্বাস্থ্যকর, সুন্দর এবং সুষম খাদ্য'-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, "বোটক্স হল ক্র্যাশ ডায়েটের মতো। তাড়াতাড়ি ফল চাই, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু আপনি যদি প্রথম থেকেই কসমেটিক আকুপাংচার শুরু করেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি আপনাকে আরও ভাল ফল দেবে।"
এই পদ্ধতিতে তাড়াহুড়ো করে একদম ঝকঝকে ত্বক পাওয়া যায় না। ক্রিস্টিনা ম্যাকাম্বারের ক্ষেত্রেও স্থায়ী ফল আসতে কয়েক সেশন সময় লেগেছিল। অনেক চিকিৎসক মুখের আকুপাংচারের পাশাপাশি শরীরের সামগ্রিক চিকিৎসা করেন, যাতে বার্ধক্য বা অন্যান্য সমস্যার মূল কারণ দূর করা যায়।