
শেষ আপডেট: 10 October 2023 18:12
দ্য ওয়াল ব্যুরো: পদ্মা সেতুর উদ্বোধন হয়েছিল গত বছর জুনে। দেড় বছরের মাথায় মঙ্গলবার সেই সেতু দিয়ে শুরু হল ট্রেন চলাচল। এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২০টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার জোগানো আরও সহজ হল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার নয়া রেলপথের সূচনা করেন। উদ্বোধনী ট্রেনেই দক্ষিণাংশের জেলা ফরিদপুর রওনা হয়েছেন তিনি।
ফরিদপুর থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথ বসানোর কাজ চলছে। আগামী বছর মার্চ-এপ্রিলের মধ্যে সেই কাজ শেষ হয়ে গেলে কলকাতা-ঢাকা যাতায়াত আরও সহজ হয়ে যাবে। কলকাতা থেকে যশোর হয়ে সরাসরি ঢাকায় ট্রেন যাবে। এখন শিয়ালদা ঢাকা মৈত্রী এক্সপ্রেস গেদে হয়ে যাতায়াত করে।
যশোর, খুলনা, বরিশালের মতো বাংলাদেশের দক্ষিণ অংশের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম বাধা ছিল পদ্মা নদী। পদ্মায় ফেরি যোগাযোগ ছিল একমাত্র উপায়। নদী পেরতেই কেটে যেত ছয় থেকে সাত ঘণ্টা। এখন পদ্মা সেতু দিয়ে নদী পথ পেরতে লাগছে মিনিট কুড়ি। এবার সেই সেতুতে ট্রেন চালু হওয়ায় যোগাযোগ আরও সহজ হয়ে গেল। মূল পদ্মা সেতুর নিচ দিয়েই তৈরি হয়েছে রেলপথ।