দোল খেলবেন কিন্তু ত্বকের ক্ষতি চান না? হলুদ, পলাশ, বিট, মেহেন্দি দিয়ে ঘরেই বানিয়ে নিন প্রাকৃতিক হোলির রং। জেনে নিন সহজ উপায় ও সতর্কতা।

শেষ আপডেট: 1 March 2026 15:36
দ্য ওয়াল ব্যুরো: বসন্ত আসতেই প্রকৃতি তার রঙের ডালি নিয়ে হাজির। অশোক, কিংশুক, পলাশে প্রকৃতির রঙিন পশমিনার বাহার গিয়েছে খুলে। বসন্তের এমন সাজের সঙ্গে সবাই চান নিজেকেও মানানসই করে রাঙিয়ে নিতে। কিন্তু ঠিক এই সময়েই রং (Holi Colours) মেখে ত্বকের বারোটা বাজলে ফাগুনের আনন্দটুকু মাটি হওয়ার সম্ভাবনা থাকে। এবার তাই ঘরেই বানিয়ে নিন এমন রং, যা দিয়ে দোলও খেলা হবে আর ত্বকও থাকবে ভাল।
ঘরে থাকা উপকরণ দিয়েই কীভাবে রং (Holi Colours) বানাবেন, রইল একাধিক উপায়।
হলুদ: হলুদগুঁড়োর সঙ্গে বেসন মিশিয়ে তৈরি করতে পারেন হলুদ আবির। শুধু হলুদগুঁড়ো জলে মিশিয়েও হলুদ রং মিলবে সহজে।
কমলা: হলুদ জলে সামান্য চুন মিশিয়ে তৈরি করুন কমলা রং।
লাল: রক্তজবা ফুল শুকিয়ে, গুঁড়ো করে ময়দার সঙ্গে মেশালে পাবেন লাল আবির। জলের সঙ্গে লালচন্দন মিশিয়েও পাওয়া যায় দারুন লাল রং (Holi Colours)।
সবুজ: মেহেন্দিগুঁড়ো বা হেনা পাউডার ময়দায় মিশিয়ে তৈরি করুন সবুজ আবির। জলে এই মেহেন্দি মিশিয়ে দিলেই পাওয়া যাবে তরল সবুজ রং।
ম্যাজেন্টা: বিট ১ লিটার জলে সারা রাত ভিজিয়ে রাখলে পরের দিনই পাবেন সুন্দর ম্যাজেন্টা রং।
স্যাফরন: পলাশ ফুল সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে বেটে নিন। জলে মেশালেই উজ্জ্বল স্যাফরন রং রেডি।
কালো: লোহার পাত্রে সারা রাত আমলকী ভিজিয়ে রাখুন। সকালে উঠেই দেখবেন কালো রং তৈরি।