তিনবার পাকিস্তান সফর করা জশবীরের সঙ্গে আরেক পাক চর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার নিয়মিত যোগাযোগ ছিল।

জশবীর সিং ও জ্যোতি মালহোত্রা।
শেষ আপডেট: 4 June 2025 16:19
দ্য ওয়াল ব্যুরো: পাক গুপ্তচর সন্দেহে ধৃত পাঞ্জাবি ইউটিউবার জশবীর সিংকে তিনদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। তিনবার পাকিস্তান সফর করা জশবীরের সঙ্গে আরেক পাক চর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার নিয়মিত যোগাযোগ ছিল। তাঁদের লাহোর ভ্রমণের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। যাতে দুজনকে একসঙ্গে মজামস্তিতে ঘোরাফেরা, খানাপিনা করতে দেখা যাচ্ছে।
ইউটিউবার জশবীরের আইনজীবী মাধব শুক্লা বুধবার জানান, আগামী ৭ জুন তাঁকে ফের আদালতে পেশ করা হবে। পুলিশের এফআইআর অনুসারে তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ রয়েছে। জশবীর বিদেশি অর্থ গ্রহণ করেছেন, তাঁর সঙ্গে আইএসআইয়ের যোগ রয়েছে এবং পাকিস্তানকে গোপন তথ্য চালান করেছেন জশবীর।
জশবীরের হয়ে তাঁর কৌঁসুলির দাবি, রাজ্যের বিশেষ অপারেশন সেল তাঁকে তলব করা মাত্রই দায়িত্বপূর্ণ নাগরিকের পরিচয় দিয়ে তিনি হাজিরা দিয়েছেন। তাঁর যদি অপরাধমূলক উদ্দেশ্য থাকত, তাহলে তিনি এড়িয়ে যেতে পারতেন। আমরা ব্যাঙ্কের স্টেটমেন্ট, আর্থিক হিসাব এবং ফোন জমা দিয়েছি। কিন্তু, পুলিশ সেসব না দেখেই তাঁকে গ্রেফতার করে আদালতে চালান করে দেয়। পুলিশ আদালতে এখনও কোনও প্রমাণ দেখাতে পারেনি। শুধু বলে চলেছে, তাঁর সঙ্গে আইএসআইয়ের যোগ রয়েছে।
এরই মধ্যে জশবীরের একটি পুরনো লাহোর ভ্রমণের ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তাঁকে পাক চর সন্দেহে হেফাজতে থাকা জ্যোতি মালহোত্রার সঙ্গে লাহোরের পথচলতি খাবার খেতে দেখা যাচ্ছে। এমনকী ট্রাভেল ব্লগের মতোই স্থানীয়দের সঙ্গে রঙ্গ-রসিকতা, মজা, হাসাহাসি করছেন দুজনে। লাহোর সফরকালেই জশবীর গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিবেও দর্শনে যান।
প্রসঙ্গত, পাকিস্তানি গুপ্তচর সন্দেহে পাঞ্জাব পুলিশের হাতে বুধবারই গ্রেফতার হন ইউটিউবার জশবীর সিং। ‘জন মহল’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান তিনি। যে চ্যানেলের প্রায় ১১ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছেন। তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ, জশবীর চ্যানেলের সুবাদে পাক চর সংস্থার লোকজনের সঙ্গে যুক্ত ছিলেন।
রূপনগর জেলার মাহলান গ্রামের বাসিন্দা জশবীরকে রাজ্যের বিশেষ অপারেশনস সেল প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করে। ইউটিউবার তথা ট্রাভেল ভ্লগার হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে গ্রেফতারের পর জশবীর হলেন দ্বিতীয় সোশ্যাল মিডিয়া চ্যানেলের জনপ্রিয় ব্যক্তি, যাঁকে পাক চরবৃত্তির সন্দেহে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, পাকিস্তানি এজেন্ট ঘনিষ্ঠ জ্যোতি মালহোত্রার সঙ্গে জশবীরের নিয়মিত যোগাযোগ ছিল। পাঞ্জাব পুলিশের বক্তব্য অনুযায়ী, জশবীর এবং পাকিস্তানি চর সংস্থার অফিসার শাকির ওরফে জাট রণধাওয়ার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। জাট রণধাওয়া হল ভারতীয় বংশোদ্ভূত আইএসআই চর।
এছাড়াও জশবীর দিল্লিস্থিত পাকিস্তান হাই কমিশনের প্রাক্তন আধিকারিক ও পাক নাগরিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গেও সম্পর্ক বজায় রেখে চলতেন। উল্লেখ্য, দানিশকে আগেই গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারত সরকার দেশ থেকে বিতাড়িত করেছে।
সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, পাকিস্তান ন্যাশনাল ডে উৎসবে যোগ দিয়েছিলেন জশবীর। এই অনুষ্ঠানটি হয়েছিল দিল্লির পাকিস্তানি দূতাবাসে। তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল দানিশ। ওই অনুষ্ঠানেই জশবীরের সঙ্গে পাকিস্তানি সেনা কর্মী, আইএসআই এজেন্ট ও ভ্লগারদের পরিচয় করিয়ে দেয় দানিশ। তদন্তে আরও জানা গিয়েছে, জশবীর মোট তিনবার পাকিস্তান গিয়েছেন। প্রথমবার ২০২০ সালে, তার পরের বছর ২০২১ সালে এবং শেষবার গিয়েছিলেন ২০২৪ সালে।
জশবীরের বৈদ্যুতিন সামগ্রী পরীক্ষা করে পুলিশ বেশ কিছু পাকিস্তানি ফোন নম্বর পেয়েছে। যা বর্তমানে আরও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর জশবীর সেসব নম্বর ডিলিট করার চেষ্টা করেছিল। আইএসআইয়ের সঙ্গে যুক্ত চরদের নম্বর ও সুলুকসন্ধান যাতে না মেলে তার ব্যবস্থা করেছিল। কিন্তু, তার অনেকগুলিই উদ্ধার করা সম্ভব হয়েছে।