গ্রামাঞ্চলেও ছবিটা স্বস্তিদায়ক নয়। রিপোর্ট বলছে, অগস্টে গ্রামীণ এলাকায় তরুণদের বেকারত্ব কমে দাঁড়িয়েছে ১২.৬ শতাংশে, কিন্তু তরুণীদের বেকারত্ব বেড়ে ১৪.৩ শতাংশে পৌঁছেছে।
.jpg.webp)
ছবি- এআই
শেষ আপডেট: 17 September 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: দেশে বেকারত্বের সামগ্রিক হার কিছুটা কমলেও চিন্তার ভাঁজ ফেলছে মহিলাদের কর্মসংস্থান নিয়ে তথ্য। সদ্য প্রকাশিত কেন্দ্রের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ জানাচ্ছে, শহরাঞ্চলের ১৫-২৯ বছর বয়সী মহিলাদের বেকারত্বের হার (Women unemployment in India) বেড়ে দাঁড়িয়েছে ২৫.৭ শতাংশে। একই বয়সের পুরুষদের তুলনায় এই হার প্রায় ১০ শতাংশ বেশি।
রিপোর্ট বলছে, অগস্ট মাসে দেশের সার্বিক বেকারত্ব নেমে এসেছে ৫.১ শতাংশে। জুলাই মাসে এই হার ছিল ৫.২ শতাংশ। অর্থাৎ সামগ্রিকভাবে কাজের সুযোগ সামান্য হলেও বেড়েছে। কিন্তু শহুরে মহিলাদের ক্ষেত্রে পরিস্থিতি উল্টো। তাঁদের কর্মহীনতার হার দ্রুত বাড়ছে।
গ্রামাঞ্চলেও ছবিটা স্বস্তিদায়ক নয়। রিপোর্ট বলছে, অগস্টে গ্রামীণ এলাকায় তরুণদের বেকারত্ব কমে দাঁড়িয়েছে ১২.৬ শতাংশে, কিন্তু তরুণীদের বেকারত্ব বেড়ে ১৪.৩ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ কাজ পাওয়ার সুযোগে পুরুষ-মহিলার মধ্যে স্পষ্ট ফারাক তৈরি হচ্ছে (Women unemployment in India)।
২০১৪ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতি বছর ২ কোটি চাকরি তৈরি হবে। কিন্তু গত এক দশকে বারবার দেশের বাড়তে থাকা বেকারত্বের তথ্য সামনে এসেছে। বিরোধীদের অভিযোগ, সরকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি শুধুই নির্বাচনী স্লোগানে সীমাবদ্ধ।
সরকারি ১০০ দিনের কাজ প্রকল্পে যোগদানের আবেদন ক্রমশ বাড়ছে, যা গ্রামীণ বেকারত্ব বৃদ্ধির অন্যতম ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মহিলাদের কর্মসংস্থানে পিছিয়ে পড়া শুধু অর্থনীতির জন্য নয়, সমাজের জন্যও উদ্বেগের। চাকরির বাজারে মহিলাদের অংশগ্রহণ কমে গেলে উৎপাদনশীলতা ও আয় উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।
গত এপ্রিল মাসে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছিল যেখানে দেখা গেছিল গ্রামীণ ভারতে মহিলাদের কর্মসংস্থান কমছে।
ভারতের মূল চালিকাশক্তি গ্রামীণ অর্থনীতি। সেখানে মূলত মহিলারাই সক্রিয়ভাবে অংশ নেন। কিন্তু রিপোর্টে উল্লেখ ছিল, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে নারী কর্মীদের সংখ্যা কমেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে মহিলাদের কর্মসংস্থান ছিল ৪১ .৫ শতাংশ। ২০২৪-২৫ অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৪০ শতাংশ।