লরিটি মোটরবাইক বোঝাই ছিল। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যেই বাস ও লরিতে আগুন ধরে যায়। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের ভিতরে আটকে পড়েন বহু যাত্রী।

ফাইল ছবি
শেষ আপডেট: 22 January 2026 08:39
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের নান্দ্যাল জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় (Andhra Pradesh Road Accident) মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার ভোররাতে একটি বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের (Bus-Truck Collition) পর দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। ঘটনায় প্রাণ হারান বাসচালক এবং লরির চালক-সহকারী।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক রাত ১টা ৩০ মিনিট নাগাদ। বেসরকারি বাসটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে তেলঙ্গানার (Nellor to Telengana) হায়দরাবাদের দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটির ডান দিকের একটি টায়ার ফেটে যায়। টায়ার ফাটার সঙ্গে সঙ্গেই চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে এবং সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনার লরিকে।
লরিটি মোটরবাইক বোঝাই ছিল। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যেই বাস ও লরিতে আগুন ধরে যায়। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের ভিতরে আটকে পড়েন বহু যাত্রী। স্থানীয় বাসিন্দারা, বাসের কন্ডাক্টর এবং ক্লিনার দ্রুত এগিয়ে এসে জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। তাঁদের তৎপরতায় আরও বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
দুর্ঘটনার জেরে ওই এলাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাস এবং কন্টেনার লরি দু’টিই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
দুর্ঘটনায় বাসচালক এবং লরির চালক-সহকারী গুরুতর জখম হন। দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়।
বাসে মোট ৩৬ জন যাত্রী ছিলেন। সৌভাগ্যবশত সকলেই প্রাণে বেঁচে যান। তবে চার জন যাত্রী সামান্য চোট ও হাড়ে ফাটল নিয়ে নান্দ্যাল জেলা সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টায়ার ফেটে যাওয়ার কারণেই চালক বাসের উপর নিয়ন্ত্রণ হারান এবং তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে অন্ধ্রপ্রদেশের প্রতিবেশী কুরনুল জেলাতেও একই ধরনের দুর্ঘটনায় একটি বাসে আগুন ধরে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। নান্দ্যালের এই সাম্প্রতিক ঘটনা ফের একবার রাতের যাত্রার ঝুঁকি, বেসরকারি দূরপাল্লার বাসগুলির রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং যানবাহনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল।