সপ্তাহের শুরুতে পাটনায় ঘটেছে আরও একটি মর্মান্তিক ঘটনা। সোমবার খিরিমোড় এলাকায় এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 August 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার পাটনার ইন্দ্রপুরী এলাকায় দাঁড় করানো একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হল দুই শিশুর দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে এক জন মেয়ে, বয়স প্রায় ৯ বছর, এবং অন্য জন ছেলে, বয়স প্রায় ৫।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাটনা (সেন্ট্রাল)-এর এসপি দীক্ষা জানিয়েছেন, দুই শিশুর দেহ গাড়ির ভিতর থেকে উদ্ধারের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দেহগুলি উদ্ধার করে পাঠানো হয়েছে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুদের সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে সপ্তাহের শুরুতেই পাটনায় ঘটেছে আরও একটি মর্মান্তিক ঘটনা। সোমবার খিরিমোড় এলাকায় এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে, অভিযোগ বিষাক্ত খাবার খাওয়ার জেরে তারা প্রাণ হারায়। মৃতরা হল, নিধি কুমারী (৮), বিকাশ কুমার (৬) এবং মোহিত কুমার (৪)।
সোমবার রাতের খাবার খাওয়ার পরেই পেটব্যথার অভিযোগ করে ওই শিশুরা। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাশ এবং মোহিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিধিকে পরে স্থানান্তরিত করা হয় পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (PMCH)-এ। কিন্তু চিকিৎসা চলাকালীন সেখানেই তার মৃত্যু হয়।