ভদ্রক ছেড়ে বেরতেই ওড়িশার জাজপুরে লাইনচ্যুত হল ট্রেন। ঘটনাস্থলে তৎপর রেল কর্তৃপক্ষ, চলছে উদ্ধার ও পুনরুদ্ধার কাজ।

লাইনচ্যুত ট্রেন (ফাইল ছবি)
শেষ আপডেট: 5 February 2026 10:39
দ্য ওয়াল ব্যুরো: সেই ওড়িশা! ফের ট্রেন দুর্ঘটনা (Train Accident)। তবে এবার বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া গেল একটুর জন্য। চালকের তৎপরতায় ট্রেন থেমে যায় ফলে হতাহতের কোনও খবর নেই।
ইস্ট কোস্ট রেল সূত্রে খবর, চেন্নাই সেন্ট্রাল -নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ভদ্রক (Bhadrak) ছেড়ে জাজপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ঝাঁকাপুরা স্টেশনের কাছে আপ লাইনে ঢুকতে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়।
ঝাঁকুনি হয় সামান্য, তাতেই অতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সকলেই তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন এবং অনেকে কান্নাকাটি জুড়ে দেন। যদিও খুবই তৎপরতায় সঙ্গে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকলকে আশ্বস্ত করেন।
আপাতত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। কারও কোনও আঘাত লাগেনি। হতাহতেরও কোনও খবর নেই।
রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটিকে ট্র্যাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব ওই লাইনে পরিষেবা স্বাভাবিক হবে।
এর আগে ওড়িশায় (Odisha Accident) একাধিক বড় ট্রেন দুর্ঘটনা হয়েছে। মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আতঙ্কও এখনও কাটেনি। তার মাঝেই স্বাভাবিক হয়েছে সবকিছু কিন্তু তারপরও এমন দুর্ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে।
অনেকেই এসব দেখে বলছেন, যে দেশে বন্দে ভারতের মতো ট্রেন চলছে, যে দেশ আর কিছুদিনের মধ্যেই বুলেট ট্রেনের স্বপ্ন বাস্তবায়িত করতে চলেছে, সেখানে এমন দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।