
দুর্ঘটনার ছবি
শেষ আপডেট: 11 February 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: বুধবারই মাঘি পূর্ণিমা। সেই উপলক্ষ্যে পুণ্যস্নানের জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভিড় বাড়ছে পুণ্যার্থীদের। সে সড়ক হোক রেল বা বিমান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ আসতে শুরু করেছেন। সময় যত গড়াচ্ছে ভিড় সামাল দিতে মাথা খারাপ হওয়ার জোগাড় প্রশাসনের। তার মধ্যেই প্রয়াগরাজে আসার পথেই হোক বা বাড়ি ফেরার সময় দেশের বিভিন্ন প্রান্তে একাধিক পথ দুর্ঘটনার খবর সামনে আসছে।
মঙ্গলবার মধ্যপ্রদেশের জব্বলপুরে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল সাত পুণ্যার্থীর। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
জানা গেছে, অন্ধ্রপ্রদেশ থেকে বাসে চেপে প্রয়াগরাজে গিয়েছিলেন ২৫জন পুণ্যার্থী। সোমবার রাতে পুণ্যস্নান সেরে উত্তরপ্রদেশ থেকে রওনা দেয় বাসটি। মঙ্গলবার সকালে বাসটি মধ্যপ্রদেশের জব্বলপুরে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটি ধাক্কা মারে বলে খবর।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে চালকের কোনও ত্রুটি ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মালবাহী ট্রাকটি হাইওয়ের ভুল লেন ধরে আসছিল। ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পরে সেটি পুণ্যার্থীবোঝাই বাসে ধাক্কা মারে।
সময় যত গড়াচ্ছে প্রয়াগরাজের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অভিযোগ, ট্রেনে তিলধারণের জায়গা যেমন নেই, তেমনি সড়ক পথে আসতে গিয়ে চার ঘণ্টার রাস্তা পেরোতে সময় লেগে যাচ্ছে ১২ ঘন্টারও বেশি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, প্রয়াগরাজে যাওয়ার ৩৫ কিলোমিটার আগে থেকেই রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গাড়ি।
অন্যদিকে, এদিন ভোরে আরেকটি পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ও দু’জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। মঙ্গলবার ভোরে বিহারের কৈমুর জেলায় একটি ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অঞ্জু সিং, দীপক কুমার ও রাজকুমার সিং। আহত হয়েছেন অঞ্জলি কুমার ও কাঞ্চন সিং। সকলেই ঔরঙ্গবাদের বাসিন্দা বলে খবর। অটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারলে ঘটে যায় দুর্ঘটনা।