
বন্যায় বিপর্যস্ত জনজীবন
শেষ আপডেট: 1 September 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার কারণে বিপর্যস্ত তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের জনজীবন। এই আবহে মঙ্গলবার রাজ্য জুড়ে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা সরকার।
অন্ধ্রের একাধিক নিচু এলাকা ব্যাপক বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলের তলায়। কিছু কিছু জায়গায় ধ্বসও নেমেছে। বিচ্ছিন্ন যোগাযোগের একাধিক রাস্তা। এখনও অবধি যা খবর তাতে জানা যাচ্ছে এই পরিস্থিতিতে মৃত্যু হয়েছে অন্তত আট জনের। পরিস্থিতির দিকে নজর রেখে জেলাশাসকদের যে কোনও বিপর্যয় মোকাবিলায় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব সন্থি কুমারী। আগামী দু'দিন অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে রাজ্য আবহাওয়া দফতর।
মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করেছেন ইতিমধ্যেই। দ্রুত সমস্যার সমাধানে এবং পরিস্থিতি সামাল দিতে জেলা পিছু ৩ কোটি টাকা করে বরাদ্দ করেছে সরকার। চন্দ্রবাবুও জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি।