
শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় প্রায় দেউলিয়া হয়ে যাওয়া কলম্বোর পাশে দাঁড়িয়েছিল চিন।
শেষ আপডেট: 5 April 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: ভারত-বিরোধী কোনও কার্যকলাপে শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বাস দিল শ্রীলঙ্কা। ভারতের নিকট প্রতিবেশী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে শনিবার এই আশ্বাস দিয়ে মোদীকে বলেছেন, ভারতের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে ক্ষতিকর কোনও শক্তিকে দ্বীপরাষ্ট্রের জমি ব্যবহার করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, ভারতের প্রতিবেশী দেশগুলির উপর চিনের প্রত্যক্ষ অর্থনৈতিক আগ্রাসন দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে নয়াদিল্লির কাছে।
পাকিস্তানে দীর্ঘদিন ধরে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি করে বাণিজ্য শক্তির বৃদ্ধির নামে দেশের উত্তরাঞ্চলকে ঘিরে ধরতে চলেছে বেজিং প্রশাসন। অন্যদিকে, বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক পালাবদলের পর বর্তমান তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুস চিনকে বিমানঘাঁটি তৈরির খোলাখুলি প্রস্তাব দিয়ে রেখেছেন।
বেশ কয়েকজন বিশেষজ্ঞের আগে থেকেই জল্পনা ছিল যে বাংলাদেশে যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা বেজিংয়ের অর্থ মদতে এবং চর-সাহায্যে। এ ছাড়াও শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় প্রায় দেউলিয়া হয়ে যাওয়া কলম্বোর পাশে দাঁড়িয়েছিল চিন। সেই ঋণের বোঝা মেটানো প্রায় দুঃসাধ্য শ্রীলঙ্কার পক্ষে। সে কারণে পাকিস্তান, বাংলাদেশের পরে শ্রীলঙ্কার আস্থা হারালে ভারতকে তিনদিক থেকে ঘিরে ফেলতে পারে চিন। আর সেই অভীষ্ট যাতে পূর্ণ না হয়, সেজন্যই থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর মোদীর।
শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নয়নে চিনের বিনিয়োগ এবং পরিকাঠামো প্রকল্প দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উল্লেখ্য, এই প্রথম ভারত-শ্রীলঙ্কা প্রতিরক্ষা সহযোগিতায় উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। দুই শীর্ষ নেতার আলোচনা শেষে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা চুক্তি ছাড়াও দুই দেশ ত্রিঙ্কোমালিকে এনার্জি হাবে উন্নীত করার বিষয়ে সহমত হয়েছে। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের বহু ক্ষেত্রে প্রতিবেশী দেশকে বিপুল পরিমাণে অর্থসাহায্য করতে রাজি হয়েছে।