
১০ বছরের বেশি বয়সি শিশুরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালাতে পারবে।
শেষ আপডেট: 22 April 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: ১০ বছর বয়স হলেই ছোটরা এখন থেকে তাদের নিজেদের সেভিংস বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে ও নিজেরাই চালাতে পারবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ঘোষণা করেছে, এই নতুন নিয়মটি প্রযোজ্য হবে সব ধরনের বাণিজ্যিক ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রেই। এর মধ্যে প্রাইমারি (আরবান) কো-অপারেটিভ ব্যাঙ্ক, স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কও অন্তর্ভুক্ত।
সোমবার এক বিবৃতিতে আরবিআই জানায়, বহু বছর আগে জারি করা পুরনো এক নির্দেশিকা পুনর্বিবেচনা করে এই নতুন নিয়ম তৈরি করা হয়েছে। এখন একত্রিত ও সরলীকৃতভাবে শিশুদের জন্য ডিপোজিট অ্যাকাউন্ট খোলার ও পরিচালনার নিয়ম করা হয়েছে।
আরবিআই আরও বলেছে, 'যে কোনও বয়সের অপ্রাপ্তবয়স্ক শিশুই তার আইনি অভিভাবকের মাধ্যমে সেভিংস বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে ১০ বছর বা তার বেশি বয়স হলে, ছোটরা চাইলে এখন নিজেরাই এসব অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে।'
এই নিয়মের পাশাপাশি, ব্যাঙ্কগুলিকে নিজেদের রিস্ক-নীতির উপর ভিত্তি করে এই অ্যাকাউন্টগুলির শর্ত নির্ধারণ করার অধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে অ্যাকাউন্টে জমা টাকার সীমা নির্ধারণ, অন্যান্য শর্তাবলি স্থির করা এবং সেগুলো স্পষ্টভাবে কিশোর গ্রাহকদের জানানো।
যখন কোনও শিশু ১৮ বছরে পৌঁছে যাবে, তখন তাকে আবার অ্যাকাউন্ট পরিচালনার জন্য নতুন নির্দেশনা ও সিগনেচার দিতে হবে বলে জানা গেছে। যদি সেই অ্যাকাউন্ট আগে অভিভাবক পরিচালনা করে থাকেন, তবে ব্যাঙ্ককে সেই সময়ে ব্যালান্স নিশ্চিত করতে হবে এবং আগে থেকেই গ্রাহককে জানিয়ে দিতে হবে, যেন কোনও দেরি না হয়।
ব্যাঙ্ক চাইলে ১০ বছরের বেশি বয়সি শিশুদের ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম কার্ড, চেকবুক ইত্যাদির সুবিধাও দিতে পারবে। তবে এসব দেওয়ার আগে তাদের ঝুঁকি-সংক্রান্ত নিয়মাবলি পর্যালোচনা করে ব্যাঙ্ককেই নিশ্চিত হতে হবে, যে এইসব শিশুদের উপযুক্ত কিনা।
সেই সঙ্গে আরবিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শিশুর নামে থাকা অ্যাকাউন্ট, সেটা অভিভাবক পরিচালিত হোক বা নিজে, কোনওভাবেই ওভারড্রাফট সুবিধা পাবে না। অর্থাৎ অ্যাকাউন্টে সবসময়ই পজিটিভ ব্যালান্স রাখতে হবে।
অ্যাকাউন্ট খোলার সময় এবং পরবর্তী সময়ে ব্যাঙ্ককে কেওয়াইসি নিয়ম মেনে চলতে হবে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আরবিআই যে মাস্টার ডিরেকশন জারি করেছিল, তার আওতাতেই এই নিয়ম কার্যকর থাকবে।
সব ব্যাঙ্ককেই আগামী ১ জুলাই ২০২৫-এর মধ্যে এই নতুন নির্দেশ কার্যকর করে নিজেদের অভ্যন্তরীণ নীতি প্রণয়ন করতে হবে।