
প্রবল বর্ষণে বিপর্যস্ত সিকিম।
শেষ আপডেট: 25 April 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি লোনাক হ্রদ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর সিকিমে (Flood Situation IN Sikkim)। ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার মুখেই ফের জোড়া প্রাকৃতিক বিপর্যয়ের মুখে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা।
প্রবল বর্ষণ এবং ধসের জেরে অবরুদ্ধ সংশ্লিষ্ট এলাকা। প্রশাসন সূত্রের খবর, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তর সিকিমের রাস্তায় আটকে রয়েছে প্রায় ২০০টি গাড়ি। আটকে পড়েছেন প্রায় ৮০০ পর্যটক। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। যার জেরে উত্তর সিকিমের লাচেন-চুংথাংয়ের পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রুট খোলা থাকলে নতুন করে আরও পর্যটক এলাকা ঢুকে বিপদের মধ্যে পড়তে পারেন। সেকারণেই আপাতত সংশ্লিষ্ট রুট বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের তরফে এও জানানো হয়েছে, আটকে থাকা পর্যটকরা সুরক্ষিত রয়েছেন। তাঁদের ইতিমধ্যে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল থেকে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারও অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেলের আগে পরিস্থিতির বদল হওয়ার সম্ভাবনা নেই।
ফলে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। তার মধ্যে রাস্তায় ধস নেমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। ঘটনার জেরে ধাক্কা খেয়েছে সিকিমের পর্যটন শিল্পও।