এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেই মাদুরাইয়ের মাত্তুথাভানি বাস স্ট্যান্ডে একটি ঐতিহাসিক আর্চ ভাঙার সময় ধসে পড়ে মৃত্যু হয়েছিল এক জেসিবি চালকের। গুরুতর আহত হয়েছিলেন কন্ট্রাক্টর।

ফাইল ছবি।
শেষ আপডেট: 1 October 2025 09:44
দ্য ওয়াল ব্যুরো: এন্নোরের উত্তর চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে ভয়াবহ দুর্ঘটনা (Chennai's thermal power station)। মঙ্গলবার প্রায় ৩০ ফুট উঁচু থেকে ধসে পড়ল নির্মীয়মাণ একটি আর্চ (ধাতব কাঠামো)। তাতেই চাপা পড়লেন একাধিক শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৯ জন পরিযায়ী শ্রমিকের। আহত কমপক্ষে ১০। গুরুতর জখমদের দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে নর্থ চেন্নাইয়ের স্ট্যানলি গভর্নমেন্ট হাসপাতালে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তামিলনাড়ু বিদ্যুৎ দফতরের সচিব ড. জে. রাধাকৃষ্ণন এবং TANGEDCO-র চেয়ারম্যান। আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
আভাদি পুলিশ কমিশনারেট জানিয়েছে, কী কারণে হঠাৎ ওই আর্চ ভেঙে পড়ল, তা এখনও পরিষ্কার নয়। চলছে উদ্ধারকাজ। সমান্তরালভাবে তদন্তও শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনদের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছেন।
এক্স-এ প্রধানমন্ত্রীর দফতরের বার্তা, “চেন্নাইয়ের দুর্ঘটনায় দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেই মাদুরাইয়ের মাত্তুথাভানি বাস স্ট্যান্ডে একটি ঐতিহাসিক আর্চ ভাঙার সময় ধসে পড়ে মৃত্যু হয়েছিল এক জেসিবি চালকের। গুরুতর আহত হয়েছিলেন কন্ট্রাক্টর।