অষ্টম শ্রেণির এনসিইআরটি বইয়ের ‘বিচারব্যবস্থা’ অধ্যায় ঘিরে বিতর্কে কড়া সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট লেখকদের ব্ল্যাকলিস্ট করে পাঠ্যবই প্রত্যাহারের নির্দেশ।

সুপ্রিম কোর্ট-বই
শেষ আপডেট: 11 March 2026 13:23
দ্য ওয়াল ব্যুরো: অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বই ঘিরে বিতর্কে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারব্যবস্থা নিয়ে লেখা অধ্যায়কে কেন্দ্র করে বিতর্কের জেরে ওই অধ্যায়ের লেখকদের ব্ল্যাকলিস্ট (Blacklist) করার নির্দেশ দিল শীর্ষ আদালত। আদালতের স্পষ্ট বক্তব্য, এই লেখকেরা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠ্যবই (Textbook) তৈরির কাজে যুক্ত থাকতে পারবেন না।
বুধবার শুনানিতে আদালত জানায়, এই মামলায় আগের নির্দেশের পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) যাঁরা দায়িত্বজ্ঞানহীন পোস্ট করেছেন, তাঁদের আচরণও অত্যন্ত উদ্বেগজনক। আদালত সেই বিষয়েও কড়া আপত্তি জানিয়েছে।
এর আগে কেন্দ্রীয় সরকার (Central Government) আদালতকে জানিয়েছিল, সব শ্রেণির পাঠ্যবই পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-কে (National Council of Educational Research and Training বা NCERT)। সুপ্রিম কোর্টে এ কথা জানান সলিসিটার জেনারেল তুষার মেহতা (Tushar Mehta)। তিনি আদালতকে আশ্বস্ত করেন, পাঠ্যক্রম (Curriculum) খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের একটি প্যানেল (Expert Panel) গঠন করা হবে।
তবে আদালতের পর্যবেক্ষণ, শুধু এনসিইআরটি-কে নির্দেশ দেওয়ার বদলে কেন্দ্র যদি বিশেষজ্ঞ কমিটি (Expert Committee) গঠন করে পাঠ্যক্রম পর্যালোচনা করায়, তা হলে আদালত সেটিকে স্বাগত জানাবে। এদিকে বিতর্কিত অধ্যায় নিয়ে নিঃশর্ত ক্ষমা (Unconditional Apology) চেয়েছে এনসিইআরটি। সংস্থার পক্ষ থেকে এক্স (X)-এ বলা হয়েছে, 'এই অধ্যায় নিয়ে আমরা নিঃশর্ত ও নিরঙ্কুশ ক্ষমা চাইছি। পুরো বইটি প্রত্যাহার (Withdraw) করা হয়েছে এবং এখন আর তা পাওয়া যাচ্ছে না।' একই সঙ্গে সংস্থা জানিয়েছে, শিক্ষাসামগ্রীর ক্ষেত্রে যথার্থতা, সংবেদনশীলতা ও দায়িত্ববোধ বজায় রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর এনসিইআরটি একটি অ্যাডভাইসরি জারি করে জানিয়েছে, বিতর্কিত অষ্টম শ্রেণির বই ‘এক্সপ্লোরিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’ (Exploring Society: India and Beyond) যাঁদের কাছে রয়েছে, তা যেন দ্রুত সংস্থার সদর দফতরে (Headquarters) ফেরত দেওয়া হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে (Digital Platforms) ওই অধ্যায়ের কোনও অংশ পোস্ট করা থাকলে তা অবিলম্বে মুছে ফেলতে হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Union Ministry of Education) তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting) এবং ইলেকট্রনিক্স মন্ত্রককে (Ministry of Electronics) চিঠি দিয়ে বিতর্কিত বইয়ের ডিজিটাল প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ের একটি অধ্যায় থেকে। সেখানে বলা হয়েছিল, দুর্নীতি (Corruption), মামলার বিশাল জট (Case Backlog) এবং পর্যাপ্ত বিচারকের অভাব বিচারব্যবস্থার বড় চ্যালেঞ্জ। এই বিষয়টি নিয়েই আদালতের তীব্র আপত্তি তৈরি হয়। পরে এনসিইআরটি জানায়, সংশ্লিষ্ট অধ্যায়টি নতুন করে লেখা হবে এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সংশোধিত পাঠ্যবই প্রকাশ করা হবে।