ঝালাওয়ারের এসআরজি হাসপাতালের মর্গের সামনে শোকস্তব্ধ মায়েদের হাহাকার শুনে আঁতকে উঠেছিল উপস্থিত সকলেই। শিশুদের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছিল তখন।

রাজস্থানে স্কুল বিপর্যয়
শেষ আপডেট: 26 July 2025 19:30
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেও রাজস্থানের ঝালাওয়ারের একটি বাড়ির উঠোনে ভাই-বোনের হাসির শব্দ ভেসে বেড়াত চারপাশে। কিন্তু আজ সেখানে শুধুই শোক আর নিস্তব্ধতা। শুক্রবার স্কুল-বিপর্যয়ে (Rajasthan School Building Collapses) মৃত্যু হয়েছে ১২ বছরের মীনা ও তার ছয় বছরের ভাইয়ের। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা। তাঁর মুখে এখন একটাই কথা, 'ভগবান আমাকে কেন নিয়ে নিলেন না।'
'ঈশ্বর যদি আমায় নিয়ে নিতেন! ওদের বাঁচিয়ে রাখতেন! আমার তো আর কিছুই রইল না। আমার তো শুধু এই দুটো সন্তানই ছিল। এখন বাড়ি খালি। আর কেউ উঠোনে খেলবে না।' একজন সন্তানহারা মায়ের কথাগুলো যেন হৃদয় ছিঁড়ে দেয়। শনিবার সকালে সাতজন শিশুর শেষকৃত্য সম্পন্ন হয়, তার মধ্যে পাঁচজনকে একসঙ্গে দাহ করা হয়।
ঝালাওয়ারের এসআরজি হাসপাতালের মর্গের সামনে শোকস্তব্ধ মায়েদের হাহাকার শুনে আঁতকে উঠেছিল উপস্থিত সকলেই। শিশুদের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছিল তখন। কেউ কেউ সন্তানকে শেষবারের মতো জড়িয়ে ধরেছিলেন, ছাড়তেই চাইছিলেন না। কেউ আবার নিঃশব্দে বসে ছিলেন। একজন শোকাহত মা প্রশ্ন তুলেছেন, 'শিক্ষকেরা বাইরে কী করছিলেন? কেন তাঁরা ছাত্রছাত্রীদের ভেতরে রেখে বাইরে গিয়েছিলেন?’
শুক্রবার রাজস্থানে ক্লাস চলাকালীন আচমকাই ছাদ ভেঙে পড়ে (Rajasthan School Building Collapses)। ৭ পড়ুয়ার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এনিয়ে শিক্ষকদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ আনা হয়েছে।
স্কুল পড়ুয়াদের কথায়, দুর্ঘটনার (Rajasthan School Building Collapses) আগে থেকেই ছাদ থেকে ছোট ছোট পাথরের টুকরো, ধুলো পড়তে দেখা গেছিল। তারা সেই কথা শিক্ষকদের জানায়। কিন্তু তখন শিক্ষকরা সকালের জলখাবার খাচ্ছিলেন। সেই কথায় গুরুত্ব না দিয়ে শিক্ষকরা তাদের বকাঝকা করে আবার ক্লাসে গিয়ে বসতে বলেন। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই পড়ুয়াদের উপর ছাদ ভেঙে পড়ে (Rajasthan School Building Collapses)। অনেকে পালানোর চেষ্টা করলেও কয়েকজন ছাত্র ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়।
ঘটনার পরে ৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। জেলাশাসক জানিয়েছেন, এর আগেই রাজ্যে সব পুরনো স্কুল ভবনগুলি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছিল। কোথাও সমস্যা থাকলে জানাতে বলা হয়েছিল। সেই নির্দেশ মানা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে।