দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী সোমবার সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ জানায়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 February 2026 11:03
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশর অন্নামায়া জেলার মডনাপল্লেতে সাত বছরের এক নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠল মঙ্গলবার। ওই দিন বাড়ির কাছের একটি ড্রাম (Drum) থেকে উদ্ধার হয় তার দেহ। অভিযুক্ত বছর ৩০-এর কুলবর্ধন (Kulavardhan)। থাকে ওই নাবালিকার বাড়ির একদম পাশেই।
অভিযোগ, এই কুলবর্ধন সবসময় মাদক ও মদের নেশায় ডুবে থাকে। সে প্রথমে নাবালিকাকে ধর্ষণ করেছে তারপর তা ধামাচাপা দিতে জল ভর্তি ড্রামে চুবিয়ে মেরেছে। স্থানীয়দের একাংশের দাবি, রাতভর নিজের ঘরেই নাবালিকার দেহ লুকিয়ে রেখেছিল সে। পরে ড্রামে ভরে দেয়।
সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ
দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী সোমবার সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ জানায়। পুলিশ ওই দিন রাতে গোটা শহরে তল্লাশি চালায়, সিসিটিভি খতিয়ে দেখে। রাত দেড়টা নাগাদ কুলবর্ধনের বাড়িও যায়। জানলা দিয়ে তাকিয়ে তাকে ঘুমোতে দেখে ফিরে আসে তারা।
মঙ্গলবার সকালে ফের গিয়ে দরজা ভাঙতেই চমকে ওঠেন। জলের ড্রাম থেকে উদ্ধার হয় নাবালিকার নিথর দেহ। সেসময় সে ঘরে ছিল না। পুলিশ জানিয়েছে, কুলবর্ধনের বিরুদ্ধে আগেও অপরাধের নথি রয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ আগের রাতে কড়া পদক্ষেপ করলে হয়তো এ কাণ্ড ঘটত না।
রাস্তা অবরোধ, অভিযুক্তকে হাতেনাতে চায় স্থানীয়রা
খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মডনাপল্লে–চেন্নাই হাইওয়ে (Chennai Highway) অবরোধ করে ঘণ্টার পর ঘণ্টা। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ বাড়তে থাকে।
এদিকে, মৃতদেহ পোস্টমর্টেমে পাঠাতে গিয়ে নতুন বিপত্তি হয়। পরিবারের লোকজন প্রথমে দেহ ছাড়তে অস্বীকার করে। অনেক চেষ্টা-সমঝোতার পর সন্ধের দিকে পুলিশের পক্ষ থেকে দেহ নিয়ে যাওয়া হয় মডনাপল্লে সরকারি হাসপাতালে (Government General Hospital)।
গ্রামে আরও একটি দেহ, সন্দেহ কুলবর্ধনের
ঘটনার কিছুক্ষণ পরেই গ্রাম সংলগ্ন আরেকটি ট্যাঙ্কে (Tank) অজ্ঞাতপরিচয় দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সন্দেহ, সেটি কুলবর্ধনের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।