
প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 May 2025 19:44
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের সাদা ঘর সেজে উঠেছে ফুলে। কাছের কিছু মানুষের উপস্থিতিতে এক হচ্ছে চারহাত। ঠিক যেন কোনও সিনেমা চলছে।
এপ্রিলের ৩০ তারিখ ছিল সেই শুভদিন। তার কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েন কনে। হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। এদিকে পাঁজি বলছে, ওই দিন বিয়ে না হলে আগামী দু’বছর আর বিয়ে হবে না তাঁদের। অগত্যা, হাসপাতালেই বিয়ে সম্পন্ন হল।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলায়।
অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে আদিত্য সিংয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় নন্দিনীর। বিয়ের ৫ দিন আগে নন্দিনী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এমনটাই নির্দেশ দেন ডাক্তাররা। ফলে বিয়েটা একপ্রকার ভেঙে যাওয়ারই পরিস্থিতি তৈরি হয়।
ঠিক সেই সময় দুই পরিবারের সদস্যরা মিলে সিদ্ধান্ত নেন যে বিয়েটা হাসপাতালেই হবে। শেষমেশ ডাক্তাররা তাতে সম্মতি জানান। ব্যস, সবুজ সংকেত পাওয়ামাত্র হাসপাতালের ঘরে সেজে ওঠে বিয়ের আসর।
আশেপাশে পরিবারের যে মানুষরা ঘিরে ছিলেন বর-কনেকে, তাঁদের হাসিমুখ বলে দিচ্ছিল, সবাই খুশি এই বিয়েতে। আদিত্য তাঁর বিয়ে নিয়ে উচ্ছ্বসিত হলেও, গোটা বিয়েতে নন্দিনীর মুখে হাসি দেখা যায়নি। একের পর এক বিয়ের নিয়ম পালন করেছেন যদিও।
সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের ভিডিও সামনে আসার পর বেশ ভাইরাল হয়েছে। কিন্তু অনেকেই মনে করছেন এখানে কনের শরীরের কথা না ভেবেই বিয়েটা দিয়ে দেওয়া হয়েছে। কেউ বলছেন, ‘নন্দিনীর কথা ভাবা হল না কেন এখানে? বিয়েটা কি এতটাই গুরুত্বপূর্ণ?’
কেউ কেউ তো বলেই ফেলেছেন এটা তো সিনেমার প্লট।