
শেষ আপডেট: 24 March 2025 08:23
দ্য ওয়াল ব্যুরো: একনাথ শিন্ডের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছেন কুণাল কামরা। অভিযোগে বিখ্যাত কমেডিয়ানের উপর চটলেন শিবসেনার কর্মী-সমর্থকরা। দায়ের হয়েছে মামলা। রবিবার মুম্বইয়ের একটি হোটেলে হামলা চালানো হয়েছে বলেও খবর।
মুম্বইতে 'নয়া ভারত' নামের একটি শো, সম্প্রতি করেন কুণাল। সেখানে নিজ ভঙ্গিতে ব্যাঙ্গ করেন শিন্ডেকে নিয়ে। তারপরই রোষের মুখে পড়েন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভিডিওর অংশটি ছড়িয়ে পড়ে। পরেরদিকে তা বিরাট আকার নেয়। শিবসেনা নেতা রাহুল কানাল এই মর্মে কমেডিয়ানের বিরুদ্ধে মুম্বইতে মামলা দায়ের করেন। যে হোটেলে শো-টি রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। নষ্ট হয় হোটেলের সম্পত্তি।
শিবসেনার (শিন্ডে গোষ্ঠীর) একাংশের অভিযোগ, একনাথের ভাবমূর্তি নষ্ট করার জন্য কামরার এহেন বক্তব্য, অর্থাৎ এটি চক্রান্ত। রাহুল কানালের তরফে দায়ের করা অভিযোগেও লেখা হয়েছে, 'কুণাল কামরা ইচ্ছাকৃতভাবে জনগণের অনুভূতিতে আঘাত করেছেন এবং একনাথ শিন্ডেকে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করেছেন।'
শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম এক পা এগিয়ে এনিয়ে কমেডিয়ানকে প্রকাশ্যে হুঁশিয়ারি দেন। জানান, তাঁরা আগামীকাল সকাল ১১টায় কুণাল কামরাকে মারধর করবেন। অপরদিকে, সেনার সাংসদ নরেশ মহাসকে বলতে শোনা যায়, 'তোমাকে পুরো দেশে শিবসেনার কর্মীরা তাড়া করবে, ভারত ছেড়ে পালাতে বাধ্য করা হবে।'
যদিও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শিবসেনার উদ্ধব শিবির। সঞ্জয় রাউত ফড়নবিশকে এপ্রসঙ্গে 'দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী' বলে কটাক্ষ করেছেন। কুণালের বিতর্কিত গানটির পাশে দাঁড়িয়ে আদিত্য ঠাকরের দাবি, এই গান সম্পূর্ণ সত্য। অর্থ বিরাট। কাপুরুষরাই এমন প্রতিবাদ দেখাতে পারেন।
এদিকে এপর্যন্ত কমেডিয়ান ঘটনাটি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে তিনি একটি ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, যেখানে তাঁকে সংবিধান হাতে দেখা যায়। ক্যাপশনে লেখা, 'এগিয়ে যাওয়ার একমাত্র পথ।'