ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের (FIP) সভাপতি সিএস রণধাওয়ার অভিযোগ, দেশজুড়ে যে ইন্ডিগোর বিমান চলাচলে বিভ্রাট ঘটছে, তা পুরোপুরি পূর্বপরিকল্পিত।
.jpeg.webp)
রণধাওয়ার অভিযোগ, এই বিমান পরিষেবা সংস্থা ইচ্ছাকৃত এই সমস্যা তৈরি করেছে।
শেষ আপডেট: 9 December 2025 11:16
দ্য ওয়াল ব্যুরো: দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর উড়ান বিভ্রাটের (Indigo Chaos) জন্য পাইলটদের সংগঠন জানাল, এই যাত্রা-বিভ্রাট আকস্মিক ঘটনা নয়। বছরের পর বছর ধরে চলা মারাত্মক সমস্যার ফসল। ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের (FIP) সভাপতি সিএস রণধাওয়ার অভিযোগ, দেশজুড়ে যে ইন্ডিগোর বিমান চলাচলে বিভ্রাট ঘটছে, তা পুরোপুরি পূর্বপরিকল্পিত।
রণধাওয়ার অভিযোগ, এই বিমান পরিষেবা সংস্থা ইচ্ছাকৃত এই সমস্যা তৈরি করেছে। তাদের মতলব হচ্ছে, ফ্লাইট ডিউটি টাইমের সময়সীমা বিধি শিথিল করা। এই চেষ্টার মাধ্যমে তাদের লক্ষ্য হচ্ছে পাইলটদের দিয়ে আরও কাজ করানো। অর্থাৎ পাইলটদের কাজের যে সর্বোচ্চ সময়সীমা রয়েছে, তা বাড়িয়ে নেওয়া।
গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে এই সমস্যার কারণে। আনুমানিক ৯ লক্ষ যাত্রী এই দুর্ভোগে চরম হয়রান হয়েছেন। এই অবস্থায় বিমান সংস্থার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত ও ফৌজদারি অভিযোগের দাবি জোরাল হচ্ছে।
ক্যাপ্টেন রণধাওয়ার দাবি, গত ২ ডিসেম্বর থেকে ইন্ডিগো কর্তৃপক্ষ জানতে কর্মী সংকট এবং সফটওয়্যার সমস্যার কারণে গোলযোগ বাড়বে। কিন্তু কোনও পদক্ষেপ করেনি। তিনি আরও বলেন, প্রথম দিন থেকে আমরা বলে আসছি যে, এই পুরো ব্যাপারটা বিমান সংস্থার পূর্বপরিকল্পিত। সংস্থার কাছে বিমান আছে। বিমান কর্মীরাও আছেন। তা সত্ত্বেও উড়ান বাতিল হয়ে যাচ্ছে। এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি।
তাঁর দাবি, এই কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ইন্ডিগোর শীর্ষ পদাধিকারীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ জানানো প্রয়োজন। দেশজুড়ে বিমান ঘুরপথে যাওয়া, বাতিল করে দেওয়া ও দেরিতে চলাচল করায় যাত্রীদের কোটি কোটি টাকা গচ্চা গিয়েছে, তার দায় নিতে হবে কর্তৃপক্ষকে। এটা সামান্য কোনও ঘটনা নয়। যাত্রীদের সঙ্গে মানসিক অত্যাচার করা হয়েছে। তাই তার দায় নিতে হবে সংস্থাকেই।