
শেষ আপডেট: 14 October 2023 19:14
দ্য ওয়াল ব্যুরো: মদ খাওয়া নিয়ে নিত্যদিনের ঝগড়া। ভাল মুখে বোঝানো, মান-অভিমান পর্ব পেরিয়ে শুরু হয়েছিল ঝগড়াঝাটি। তাতেও লাভ হচ্ছিল না। এমনকী, রাস্তাঘাটে প্রকাশ্য জায়গায় অশান্তি চলছিল সেই নিয়ে। তাতেই বিরক্ত হয়ে রেললাইন বরাবর হাঁটতে শুরু করে দিয়েছিলেন স্ত্রী। তখন তাঁর মান ভাঙাতে তাকে জড়িয়ে ধরেন স্বামী। দুজনের কেউই জানতেন না, এ আলিঙ্গন মৃত্যুর আলিঙ্গন! সেই মুহূর্তে রেললাইনে ছুটে আসে ট্রেন। কাটা পড়ে মৃত্যু হয় দুজনেরই।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বারাণসী স্টেশনে বুধবার রাতে। মৃত দম্পতি হলেন গোবিন্দ সোনকার (৩০) এবং খুশবু সোনকার (২৮)। সূত্রের খবর, গোবিন্দের মদের নেশা ছিল, যা একেবারেই পছন্দ করতেন না খুশবু। রোজদিন সেই নিয়ে অশান্তি লেগেই থাকত দুজনের মধ্যে।
বুধবার বারাণসী স্টেশনের কাছেই পঞ্চকোষী রেলওয়ে ক্রসিংয়ের কাছে ফের ঝগড়া শুরু হয় দুজনের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোবিন্দ তখনও মাতাল ছিলেন। দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। তার মধ্যেই খুশবু রেললাইন বরাবর হাঁটতে শুরু করেন। স্ত্রীর রাগ কমাতে পিছন পিছন ছুটে গিয়ে খুশবুকে জড়িয়ে ধরেন গোবিন্দ।
ঠিক সেই সময়েই দুর্বার গতিতে লাইনে ছুটে আসে একটি ট্রেন। কেউই সরে যাওয়ার সুযোগটুকুও পাননি। কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দ একটি ফলের দোকানে কাজ করতেন। দম্পতির তিন সন্তান রয়েছে। একটি পুত্র সন্তানের বয়স ৬ বছর, বাকি দুই কন্যা সন্তানের বয়স ৩ এবং ৪ বছর।
দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।