
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 November 2024 12:10
দ্য ওয়াল ব্যুরো: চলছিল বিয়ের শোভাযাত্রা। যাকে বলে 'বারাত।' কান ফাটানো গানের সঙ্গে চলছিল উদ্দাম নাচ! এমন সময় আচমকাই শোভাযাত্রার মধ্যে অথিতিরা টাকা ছড়াতে শুরু করে। চারিদিক ভরে যেতে থাকে নোটে। নতুন বউ বাড়িতে এসেছে বলে কথা! যদিও শোভাযাত্রার নাচ ছেড়ে সবাই তখন ব্যস্ত টাকা কুড়তে। কয়েক হাজার নয়, ছড়ানো হয় ২০ লক্ষ টাকা। এমনই একটি ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের সিদ্ধার্থ নগরে।
বিয়ের শোভাযাত্রার সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের শোভাযাত্রায় উপস্থিত অতিথিরা বিপুল পরিমাণ টাকা হাওয়ায় ছড়িয়ে দিচ্ছে। বরযাত্রীদের সঙ্গে থাকা কিছু অতিথি বাড়ির ছাদে এবং এমনকি একটি বুলডোজারে উঠে গুচ্ছ গুচ্ছ নোট আকাশে ছুড়ছেন। সেই সঙ্গে সবাই ব্যস্ত সেই টাকা নিজের পকেটে ভরতে।
View this post on Instagram
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওটি থেকে জানা গিয়েছে, আফজাল এবং আরমান নামের দু'জনের বিয়ের সময় এমন ঘটনা ঘটেছে। অতিথিরা ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট হাওয়ায় উড়িয়ে দেন। গ্রামের মানুষদের হুড়মুড় করে সেই টাকা কুড়িয়ে নিতে থাকে। তবে এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই ইন্টারনেটে সমালোচনা শুরু হয়ে গিয়েছে।
ভিডিওটিতে এখনও পর্যন্ত প্রচুর লাইক আর কমেন্ট পড়েছে। এক ব্যক্তি কমেন্টে মজার ছলে লিখেছেন, 'আয়কর অফিসে ফোন করে দিলেই টাকা ছোড়া বন্ধ হয়ে যাবে।' অন্য এক ব্যক্তির মতে, 'এত টাকা যখন রয়েছে, গরিবদের মধ্যে একটু দান করে দিলেই তো পারেন।' আরও এক ব্যক্তি লিখেছেন, 'আমি এই শোভাযাত্রায় থাকলে আজই চাকরি ছেড়ে দিতাম।'