
উদয়পুরের একলিঙ্গজি মন্দির
শেষ আপডেট: 6 December 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: মানতে হবে একাধিক নিয়ম। না হলে মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে না। মন্দিরের পবিত্রতা ও দেবতার প্রতি সম্মান জানাতে দর্শনার্থীদের উপর একাধিক নিয়ম চাপাল রাজস্থানের উদয়পুরের একলিঙ্গজি মন্দির কর্তৃপক্ষ।
নতুন নির্দেশিকায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, মিনি স্কার্ট, বারমুডা বা রাতের পোশাক পরে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। এছাড়া মোবাইল নিয়ে মন্দিরে ঢুকতে না করে দেওয়া হয়েছে। মন্দিরের পবিত্রতা বজায় রাখতেই এমন ভাবনা।
তবে তালিকা এখানেই শেষ নয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, কোনওরকম অস্ত্র বা পোষ্যদেরও সেখানে নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে মন্দিরে ঢুকতে গেলে কী কী নিয়ম মানতে হবে সেই নির্দেশ টাঙিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় বিতর্ক ছড়িয়েছে।
উদয়পুর থেকে ২২ কিলোমিটার দূরে কৈলাসপুর গ্রামে অবস্থিত একলিঙ্গজি মন্দির। প্রতিদিনই সেখানে বহু ভক্তের সমাগম হয়। তবে শুধু একলিঙ্গজিই নয়, সম্প্রতি সেখানকার জগদীশ মন্দিরেও এমন নির্দেশিকা জারি হয়েছিল।
জানা গেছে, এতদিন মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি মিললেও এবার থেকে তা একেবারেই বন্ধ হয়ে গেল। দর্শনার্থীরা জানিয়েছেন, ‘মোবাইল জমা দিয়ে কেন মন্দিরে ঢুকতে হবে? নিরাপত্তারক্ষী রেখে মোবাইলের সুইচড অফ আছে কী না তা চেক করলেই হয়। এভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে।’
মন্দির কর্তৃপক্ষের সাফাই, ছোট পোশাক পরে আসার কারণে অনেক পুন্যার্থী আপত্তি জানিয়েছিলেন। অন্যদিকে মোবাইল ব্যবহারের ফলে বিঘ্নিত হতে পারে মন্দিরের নিরাপত্তা। সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, মন্দিরে ঢুকতে গেলে জারি করা নিয়ম মেনে চলতেই হবে।