
শেষ আপডেট: 26 February 2024 14:29
দ্য ওয়াল ব্যুরো: হলিউড থ্রিলার 'আনস্টপেবল'এর রিমেক মনে হবে। শিউরে ওঠার মতো ঘটনা ঘটল। ৫৩ বগির একটি মালবাহী একটি ট্রেন চালকবিহীন অবস্থায় প্রতি ঘণ্টায় ৯০ কিমি গতিবেগে জম্মুর কাঠুয়া থেকে পঞ্জাবের হোশিয়ারপুর পর্যন্ত প্রায় ৮০ কিমি পথ পাড়ি দিল। না, এটা রেল দফতরের কোনও পাইলট প্রজেক্ট নয়। চালক ইঞ্জিন চালু রেখে চা খেতে নামাতেই এমন অঘটন। তবে সুখের বিষয় কোনও বড় বিপদ ঘটেনি।
রেল সূত্রে জানা গিয়েছে, চালক ও সহ চালক চা পানের বিরতিতে ট্রেন থেকে নেমেছিলেন। তখন ইঞ্জিন চালু ছিল। কিন্তু, জায়গাটি ঢালু থাকায় ট্রেনটি চলতে শুরু করে। সেটা তাঁরা যখন লক্ষ্য করেন তখন গাড়ি গতি নিতে শুরু করেছে। ফলে তাঁদের আর কিছু করার ছিল না।
স্টোন চিপসে ভরা ৫৩ ওয়াগনের ট্রেন তখন পুরোদমে ৯০ কিমি বেগে ছুটতে শুরু করেছে। ২০১০ সালের হলিউডি সিনেমার মতো ডেনজেল ওয়াশিংটন বা ক্রিস পাইনের মতো বীরপুঙ্গবও কেউ নেই, যিনি ট্রেন থামাতে পারেন। অবশেষে পঞ্জাবের হোশিয়ারপুরে এসে খাড়াই বাঁকে এসে ট্রেনটি থামে। এ পর্বের মতো রক্ষা পায় বড়সড় বিপদ।
এই ঘটনায় দুই চালক সহ ৬ রেল অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তবে চালকহীন এই ট্রেনের দেড় ঘণ্টার যাত্রাপথের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। কিছু লোকের মন্তব্য ট্রেনে গার্ডের কেবিন দেখা যায়নি।
বিস্তারিত ঘটনায় জানা গিয়েছে, কাঠুয়া স্টেশনে নেমে দুই চালক চা খেতে গিয়েছিলেন। উপত্যকা এলাকা হওয়ায় লাইনটি একটু ঢালু ছিল। কিছুক্ষণের মধ্যেই মালগাড়িটি চলতে শুরু করে। ভারের কারণে তারপর সেটা ধীরে ধীরে গতি বাড়াত শুরু করে। শেষমেশ ৮০ কিমি পথ অতিক্রম করে পঞ্জাবের হোশিয়ারপুরের উঁচি বস্সি এলাকায় গিয়ে থামে।
খবর পাওয়া মাত্রই জম্মু-জলন্ধর সেকশনের সব স্টেশনকে সতর্ক করে দেওয়া হয়। ওই লাইনে যাতে কোনও যাত্রীবাহী ট্রেন না এসে পড়ে এবং মালগাড়ির লাইন পুরো ক্লিয়ার করে দিতে তৎপরতা শুরু হয়। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সাসপেন্ড হওয়া রেলকর্মীদের বিরুদ্ধে সোমবার থেকে তদন্ত শুরু হয়েছে।