
প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 December 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার শিকার, অ্যাসিড হামলায় আক্রান্ত, ধর্ষিতাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে। সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালকে এমনই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। এও জানানো হয়েছে, কোনও হাসপাতাল এই চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করতে পারবে না। যদি তেমনটা হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে কর্তৃপক্ষকে। দিতে হতে পারে বড় অঙ্কের জরিমানা।
১৬ বছরের এক কিশোরীর ধর্ষণের মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। ঘটনায় অভিযুক্ত তারই বাবা! সেই মামলার শুনানিতেই বিচারপতি প্রতিভা এম সিং এবং অমিত শর্মার বেঞ্চ নির্দেশ দিয়েছে, সব সরকারি-বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিককে যৌন হেনস্থার শিকার, ধর্ষিতা, অ্যাসিড আক্রান্ত, পকসো মামলার অভিযোগকারিণীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে। কোনও পরীক্ষা হোক বা অন্য কোনও পরিষেবা, বিনা খরচেই তা করতে হবে।
দিল্লি হাইকোর্টের নির্দেশ, সব হাসপাতালকে বাইরে বোর্ড টাঙিয়ে রাখতে হবে এবং এই চিকিৎসা পরিষেবা সংক্রান্ত ইস্যুতে প্রত্যেককে ওয়াকিবহাল করতে হবে। এমনকী নির্যাতিতা যদি এইডস আক্রান্ত হন তাহলেও তাকে ফেরানো যাবে না।
আদালত এও বলেছে, সঙ্কটজনক পরিস্থিতি হলে কোনও পরিচয়পত্র ছাড়াই ভর্তি করতে হবে। পাশাপাশি কোনও নির্যাতিতার যদি শারীরিক-মানসিক চিকিৎসার প্রয়োজন হয়, কাউন্সিলিংয়ের দরকার পড়ে, তারও পরিষেবা দিতে হবে হাসপাতালগুলিকে।
যে মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট তাতে ১৬ বছরের নির্যাতিতাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল চিকিৎসা পাওয়ার জন্য। এই ঘটনার পুনরাবৃত্তি চায় না আদালত। সেই কারণে কড়া নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। সব মিলিয়ে মোট ১৬টি গাইডলাইন তৈরি করেছে দিল্লি হাইকোর্ট।