উত্তরাখণ্ডে এক ব্যবসায়ীকে ৩০ লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকি দেওয়া হয় লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নামে। তদন্তে উঠে আসে, অভিযুক্ত একজন কলেজ পড়ুয়া আশিস।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 November 2025 08:47
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে এক ব্যবসায়ীকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নাম করে ফোনে হুমকি দিয়ে ৩০ লক্ষ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শেষ পর্যন্ত ধরা পড়েছে এই চক্রের এক সদস্য, যে কিনা একজন কলেজ পড়ুয়া।
হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার প্রমোদ সিং দোবাল জানিয়েছেন, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবকের নাম আশিস, সে সেখানকার বাহারাবাদ এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, অজয় হুডা নামে এক ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে আশিস এই হুমকি দেওয়ার কাজে যুক্ত ছিল। পুলিশ সূত্র অনুযায়ী, রোহতকের বাসিন্দা অজয় বর্তমানে আর্মেনিয়ায় কাজ করেন। আর্মেনিয়া থেকেই এই হুমকি ফোনগুলো করা হতো।
পুলিশ জানিয়েছে, রবি কুমার নামে এক ব্যবসায়ীর কাছে ৩০ লক্ষ টাকা চেয়ে ফোন করা হয়েছিল। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত রবি কুমারকে গত ৩০ অক্টোবর লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নাম করে হুমকি দেওয়া হলে, তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্ত শুরু করার পর পুলিশ জানতে পারে, হুমকি ফোনগুলো আসছিল আর্মেনিয়া থেকে। আরও জানা যায়, আশিসের কাছেও ওই নম্বর থেকে নিয়মিত ফোন আসত। এর পরেই পুলিশ আশিসকে জেরা শুরু করে।
পুলিশের দাবি, জেরার মুখে আশিস নিজের অপরাধ স্বীকার করেছেন। তিনি রবি কুমার এবং তাঁর ভাইয়ের মোবাইল নম্বর অজয়কে দিয়েছিলেন। হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার প্রমোদ সিং দোবাল জানিয়েছেন, আশিসের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, এই চক্রের মূল হোতা অজয় হুডাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।