ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বিএলও ও সুপারভাইজারদের বাৎসরিক ভাতা দ্বিগুণ করল নির্বাচন কমিশন। থাকছে অতিরিক্ত ইনসেনটিভও।

ইলেকশন কমিশন
শেষ আপডেট: 24 July 2025 23:46
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধন ও বিশেষ ড্রাইভের কাজে যুক্ত বিএলও এবং সুপারভাইজারদের ন্যূনতম বাৎসরিক বেতন একধাক্কায় প্রায় দ্বিগুণ করল নির্বাচন কমিশন। নতুন নির্দেশ অনুযায়ী, বুথ লেভেল অফিসাররা বছরে ১২ হাজার টাকা এবং বিএলও সুপারভাইজাররা ১৮ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি, বিশেষ ড্রাইভের জন্য বিএলওদের অতিরিক্ত ২ হাজার টাকা ইনসেনটিভও দেবে কমিশন।
২৪ জুলাই প্রকাশিত নির্দেশে কমিশন জানিয়েছে, ২০১৫ সালের পুরনো নির্দেশ বাতিল করে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হচ্ছে। সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের জানানো হয়েছে, এই নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে সংশ্লিষ্টদের জানিয়ে দিতে হবে।
জানা যাচ্ছে, দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন, নবীন ভোটার যুক্তকরণ এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনার জন্য বুথ লেভেল অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছর হাজার হাজার বিএলও, সুপারভাইজার এবং সংশ্লিষ্ট কর্মীরা এই কাজে নিযুক্ত থাকেন। নির্বাচন কমিশনের মতে, তাঁদের এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিতেই এই আর্থিক সংস্কার।

তবে সেই সঙ্গে ঘনিয়েছে আশঙ্কার মেঘও। কারণ ইতিমধ্যেই বিহারে শুরু হয়েছে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিউ। অনেকের অনুমান, অন্যান্য রাজ্যেও এমনটা শুরু হবে। বাংলাতেও হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে শাসক দল। এই পরিস্থিতিতে অনেকেই দুয়ে দুয়ে চার করছেন যে, স্পেশ্যাল ইনটেনসিভ রিভিউ করার জন্যই এই ভাতা বাড়াল কমিশন।
যদিও নতুন ভাতা কাঠামোকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের একাংশ। তাঁদের মতে, এতদিন এই কাজের জন্য খুবই সামান্য পারিশ্রমিক দেওয়া হত। নতুন কাঠামোতে ইনসেনটিভ ও স্থায়ী বেতন বৃদ্ধির ফলে কর্মীদের উৎসাহ অনেকটা বাড়বে এবং কাজের মানোন্নয়ন ঘটবে।