
শেষ আপডেট: 30 March 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো: মেয়ের দশ বছরের জন্মদিন। ঘটা করেই পালন করছিল পরিবার। মা-বাবা, বোন, আরও আত্মীয়রাও এসেছিল। মেয়ের পছন্দের বার্থডে কেক অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল কোনও নামী বেকারি থেকেই। আনন্দ-হাসিতে চলছিল কেক কাটা। টুকরো করে কাটা কেক আদর করে মেয়েকে খাইয়ে দিচ্ছিলেন বাবা, মা। একরাশ আনন্দ আর উচ্ছ্বাস যেন আভা ছড়াচ্ছিল বাচ্চা মেয়েটার মুখে। ওইটুকুতেই ইতি। মুহূর্তের সেই উচ্ছ্বাস আচমকাই বদলে গেল বুকফাটা কান্নায়। শোকের গাঢ় আঁধার যেন লহমায় গ্রাস করল গোটা পরিবারকে।
জন্মদিনের কেক খেয়ে দশ বছরের মেয়েটির মৃত্যু হয়েছে। পাঞ্জাবের পাতিয়ালায় এই ঘটনা ঘটেছে। মেয়েটির জন্মদিন সেলিব্রেশনের ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করে এই খবর জানিয়েছেন পাঞ্জাবেরই এক সাংবাদিক গগনদ্বীপ সিং। ঘটনাকে ঘিরে হইচই পড়ে গেছে। এই ভিডিওটি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
A 10-year-old dies after eating birthday cake. The family alleged that their daughter died right after consuming her birthday cake, and other family members fell ill too. A case has been registered against the bakery shop owner under Sections 273 and 304A of the IPC. pic.twitter.com/Qb7U1IEnOn
— Gagandeep Singh (@Gagan4344) March 30, 2024
ঘটনা গত ২৪ মার্চের। গগনদ্বীপের পোস্ট করা ভিডিওটি দেখে কান্নায় চোখ ভিজেছে টুইটারাইটদের। ভিডিওতে দেখা গেছে একটি বাচ্চা মেয়ে তার জন্মদিন সেলিব্রেট করছে পরিবারের সঙ্গে। মেয়েটির মুখে উজ্জ্বল হাসি। ঠোঁটের কোণায় লেগে রয়েছে কেকের টুকরো। আনন্দের সঙ্গে কেক খাচ্ছিল মেয়েটি। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, তার পছন্দের কেকই অর্ডার দিয়েছিল পরিবার। সকলে মিলে কেক খাইয়ে দিচ্ছিল তাকে। বার্থডে গার্লের খিলখিলে হাসিতে আনন্দের স্রোত বইছিল গোটা বাড়িটাতে। সূত্রের খবর এই কেক খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
কোন বেকারি থেকে অনলাইনে কেকটি অর্ডার করা হয়েছিল তা জানায়নি পুলিশ। পরিবারের অভিযোগ, কেক খেয়েই মৃত্যু হয়েছে তাদের মেয়ের। পুলিশের অনুমান, কেকটি খাওয়ার পরেই ফুড পয়সনিং হয়ে গিয়েছিল বাচ্চাটির। ওই বেকারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৭৩ ও ৩০৪এ ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।