পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি
শেষ আপডেট: 30 December 2024 01:48
দ্য ওয়াল ব্যুরো: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাটনা। জানা গেছে, রবিবার জেপি গোলম্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন পরীক্ষার্থীরা। চামকাই পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করে। শীতের রাতে ছত্রভঙ্গ করতে চালানো হয় জল কামানও। যদিও পুলিশ পরীক্ষার্থীদের উপর লাঠিচার্জের কথা অস্বীকার করেছে।
বিহারে ১৩ ডিসেম্বর থেকেই পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বিএসসি পরীক্ষার্থীরা। কিন্তু নীতীশ কুমার সরকারের তরফে কোনও বার্তা আসেনি বলে দাবি বিক্ষোভকারীদের।
এরপরই রবিবার প্রায় হাজারের বেশি বিক্ষুব্ধ পড়ুয়াদের নিয়ে জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের উদ্দেশে পদযাত্রার ডাক দেন। গান্ধী ময়দান থেকে বেরোন বিক্ষোভকারীরা। তাঁদের থামাতে রাস্তায় ব্যারিকেড সাজিয়ে প্রস্তুত ছিল বিহার পুলিশও।
#WATCH | Bihar | BPSC aspirants continue their protest in Patna's Gandhi Maidan, demanding a re-exam to be held for the 70th BPSC prelims
— ANI (@ANI) December 29, 2024
Jan Suraaj Chief Prashant Kishor also present at the protest pic.twitter.com/q9qUrv6wTd
যদিও এদিন ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় পরীক্ষার্থীদের। পরে গান্ধী ময়দানে পৌঁছে প্রশান্ত কিশোর বলেন, 'একদিনের জন্য স্লোগান দিয়ে কিছুই পাওয়া যাবে না। বিহারে বহু বছর ধরে ছাত্রদের জীবন নষ্ট করা হচ্ছে। এই লড়াই চালিয়ে যেতে হবে। এর শেষ দেখে ছাড়ব।'
প্রশান্তের আরও হুঁশিয়ারি, 'বিহারে আবাসিক নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং চাকরির দুর্নীতি থেকে মুক্তি পেতে গেলে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। বিপিএসসি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নফাঁস ও দুর্নীতি যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। কিন্তু এভাবে চলতে পারে না। আমাদের সমাধান খুঁজতে হবে।’
বিপিএসসি-র ৭০ তম সিসিই প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। রবিবার প্রশান্ত কিশোরের সমর্থনে সেই আন্দোলনের আঁচ কয়েকগুণ বেড়ে যায়। যার জেরে অশান্ত হয়ে ওঠে বিহারের পাটনা।