
ঔরঙ্গজেবকে মহান প্রশাসক বলে দাবি করেন সপা বিধায়ক।
শেষ আপডেট: 3 March 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: মুঘল সম্রাট ঔরঙ্গজেব মোটেই নিষ্ঠুর প্রশাসক ছিলেন না। তিনি অনেক মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। অথচ, সেই ঔরঙ্গজেবকে নিয়ে ভুলভাল ইতিহাস, আজগুবি তথ্য দেখানো হচ্ছে। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির নেতা-বিধায়ক আবু আজমির এই মন্তব্যকে ঘিরে ঔরঙ্গজেবের মৃত্যুদিনে চরম বিতর্ক ঘনিয়ে উঠল মারাঠা রাজনীতিতে। এর জবাবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজমির নিন্দা করে বলেন, তিনি যা বলেছেন তা অসত্য ও গ্রহণযোগ্য নয়।
শিন্ডের দাবি, ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজিকে ৪০ দিন ধরে বন্দিদশায় অকথ্য, অবর্ণনীয়, নৃশংস অত্যাচার চালিয়েছিলেন ঔরঙ্গজেব। এমন এক ঐতিহাসিক লোককে সম্মান দেখানোর অর্থ মহারাষ্ট্রের পরম্পরাকে অপমান করা। ঔরঙ্গজেবকে ভালো বলা সবথেকে বড় অপরাধ। আবু আজমিকে এই মুহূর্তে ক্ষমা চাওয়ার দাবি তুলে শিন্ডে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করবেন। এবং আমি বিশ্বাস করি, আবুর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হবে।
উল্লেখ্য, ঔরঙ্গজেবকে মহান প্রশাসক বলে দাবি করে সপা বিধায়ক বলেন, ঔরঙ্গজেবের আমলে দেশের সীমান্ত আফগানিস্তান থেকে বর্মা (বর্তমানে মায়ানমার) পর্যন্ত বিস্তৃত ছিল। তাঁর আমলেই ভারতকে বিদেশের লোকজন 'সোনে কি চিড়িয়াঁ' (সোনার পাখি) বলে ডাকত। ঔরঙ্গজেবের আমলে দেশের গড় উৎপাদন ২৪ শতাংশ ছুঁয়েছিল। এই কারণেই ব্রিটিশরা ভারত দখল করতে এসেছিল।
সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের ফাঁকে বিধানভবন চত্বরে দাঁড়িয়ে আবু আজমির বক্তব্য, ঔরঙ্গজেবের সঙ্গে সম্ভাজির যুদ্ধ ধর্মীয় বা রাজনৈতিক কারণে হয়নি। ক্ষমতা দখলের জন্য হয়েছিল। কিন্তু, দেশে ঔরঙ্গজেবের চরিত্রকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। বিজেপির বিধায়ক রাম কদম বলেন, আবুর বক্তব্য পুরোপুরি মিথ্যা। কাল উনি যখন বিধানসভায় আসবেন, তখন আমি তাঁকে একটি ইতিহাস বই দেব। উনি কি জানেন না, ঔরঙ্গজেব কীভাবে সম্ভাজিকে বন্দি করে লাগাতার অত্যাচার করে মেরে ফেলেছিলেন?