
শেষ আপডেট: 6 November 2023 11:10
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধী তিনদিনের জন্য কেদারনাথ সফরে গিয়েছেন। রবিবার দীর্ঘ সময় ধরে পুজো দিয়েছেন। তারপর দেব দর্শনে লাইনে দাঁড়ানো পুণ্যার্থীদের মধ্যে চা বিলি করেন কংগ্রেস সাংসদ।
রাহুলকে কাছে পেয়ে অনেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করেন। একজন বলেন, স্যার, আপনাকে টিভিতে দেখি। আজ সামনাসামনি দেখে খুব ভাল লাগছে। আমি আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? রাহুল এই রকম অনেকের আবদার রক্ষা করেছেন।
তবে কংগ্রেস নেতার এই সফর নিয়ে রাজনীতির চর্চাও থেমে নেই। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। এই সময় রাহুলের তিন দিনের জন্য তীর্থ ক্ষেত্রে চলে যাওয়া নিয়ে দলে অনেকেই বিস্মিত।
যদিও ভিন্ন ব্যাখ্যাও আছে রাহুলের সফর নিয়ে। মিজোরাম বাদে বাকি চার রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং তেলেঙ্গানায় কংগ্রেস নরম হিন্দুত্বের লাইন নিয়েছে। কংগ্রেস শাসিত দুই রাজ্য সরকার রাজস্থান ও ছত্তীসগড়ে হিন্দু মন্দির সংস্কার অন্যতম কর্মসূচি। কংগ্রেস নেরাতাও প্রচারে বিজেপির হিন্দুত্বের মোকাবিলায় মন্দির কর্মসূচি তুলে ধরছেন। প্রচারে রাহুল দলের মুখ। তাই তিনি ভোটের মাঝে মন্দির সফরে গিয়েছেন।
প্রসঙ্গত সপ্তাহ দুই আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফের কেদারনাথ-বদ্রীনাথ ঘুরে এসেছেন। পাহাড়ের কোলে বসে ধ্যান করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পুজো, ধ্যানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে বিজেপি।
কংগ্রেস নেতৃত্ব অবশ্য রাহুলের কেদারনাথ সফরকে দলের সঙ্গে মেলাতে নারাজ। পার্টি বলছে, এটা রাহুলের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি ধার্মিক ব্যক্তি।
দল ও ভোটের সঙ্গে রাহুলের মন্দির শিবিরের যোগ নেই বোঝাতে এক কংগ্রেস নেতা বলেন, প্রাক্তন কংগ্রেস সভাপতি দিন কুড়ি আগে স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন। সেখানেও তিনদিন কাটিয়েছেন। গুরুদ্বারে খাবার পরিবেশন করেছেন, থালা বাসন মেজেছেন।