অঙ্কিত দেওয়ানের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে থাকার সময় কয়েক জন কর্মী তাঁর সামনে দিয়ে লাইন কেটে এগিয়ে যান। তিনি সেই বিষয়টি নিয়ে আপত্তি জানাতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

শেষ আপডেট: 20 December 2025 14:31
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGI) এক যাত্রীর ওপর হামলার (Delhi airport passenger assault) অভিযোগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে (গ্রাউন্ডেড) দেওয়া হয়েছে। অভিযোগটি এনেছেন স্পাইসজেটের যাত্রী অঙ্কিত দেওয়ান। এয়ারলাইনের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই কর্মীকে সমস্ত অফিসিয়াল দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে (Air India Express pilot grounded)।
অঙ্কিত দেওয়ানের দাবি, পরিবারের সঙ্গে তিনি যখন বিমানবন্দরে ছিলেন, তখন এই ঘটনা ঘটে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও চার মাসের শিশু সন্তান স্ট্রলারে ছিল। অঙ্কিত জানান, শিশুসন্তান থাকায় বিমানবন্দরের কর্মীরা তাঁদের স্টাফ ও PRM (Persons with Reduced Mobility)-এর জন্য নির্দিষ্ট সিকিউরিটি চেক লাইনে যেতে বলেন।
লাইনে কাটাকাটি থেকে শুরু বিবাদ
দেওয়ানের অভিযোগ, ওই লাইনে দাঁড়িয়ে থাকার সময় কয়েক জন কর্মী তাঁর সামনে দিয়ে লাইন কেটে এগিয়ে যান। তিনি সেই বিষয়টি নিয়ে আপত্তি জানাতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
অঙ্কিতের বক্তব্য অনুযায়ী, সেই সময় একই লাইনে থাকা এক পাইলট, যাঁকে তিনি ক্যাপ্টেন বীরেন্দ্র বলে শনাক্ত করেছেন, তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, ওই পাইলট তাঁকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করেন এবং বোর্ডে লেখা নির্দেশ তিনি পড়তে পারেন কিনা, সেই প্রশ্ন তোলেন।
এক্স-এ দেওয়া এক বিস্তারিত পোস্টে অঙ্কিত দেওয়ান লেখেন, “আমার সামনে স্টাফরা লাইনে গড়মিল করছিল। আমি সেটা নিয়ে প্রশ্ন তুলতেই ক্যাপ্টেন বীরেন্দ্র, যিনি নিজেও একই কাজ করছিলেন, আমাকে ‘অশিক্ষিত’ বলে আখ্যা দেন এবং বলেন, আমি কি পড়তে পারি না যে, এই 'এন্ট্রি' স্টাফদের জন্য।”
তর্কবিতর্ক গড়ায় হামলায়
ওই যাত্রী ও পাইলটের মধ্যে কথা কাটাকাটি দ্রুতই তীব্র আকার নেয়। অঙ্কিতের অভিযোগ, সেই মৌখিক বিবাদই একসময় হামলায় পৌঁছয়। তাঁর দাবি, ওই পাইলট তাঁকে মারধর করেন, যার ফলে তিনি আহত হন এবং রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বেশ খানিকক্ষণ।
আরও এক পোস্টে ওই ব্যক্তি লেখেন, “নিজেকে সংযত রাখতে না পেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই পাইলট আমাকে শারীরিকভাবে আক্রমণ করেন। তাঁর শার্টে যে রক্তের দাগ দেখা যাচ্ছে, সেটাও আমারই।”
এই ঘটনার ছবি ও অভিযুক্ত পাইলটের মুখও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি।
পরিবারের ছুটি নষ্ট, সন্তান আতঙ্কিত
অঙ্কিত দেওয়ান জানান, এই ঘটনায় তাঁদের পারিবারিক ছুটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি মানসিক আঘাত পেয়েছে তাঁর ছোট মেয়ে, যে চোখের সামনে বাবার ওপর হামলা হতে দেখেছে। ঘটনার পর থেকেই শিশুটি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে বলে দাবি তাঁর।
পাইলটকে দায়িত্ব থেকে সরাল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
ঘটনা সামনে আসার পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরে তাদের এক কর্মী জড়িত একটি ঘটনার কথা তারা অবগত। সংস্থার দাবি, অভিযুক্ত কর্মী সেই সময় অন্য একটি এয়ারলাইনের যাত্রী হিসেবে সফর করছিলেন এবং আর এক যাত্রীর সঙ্গে তাঁর বিবাদ বাধে।
এয়ারলাইনের বিবৃতিতে বলা হয়েছে, “দিল্লি বিমানবন্দরে আমাদের এক কর্মী জড়িত এই ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। এই ঘটনায় যে মানসিক যন্ত্রণা হয়েছে, তার জন্য আমরা আন্তরিক সহানুভূতি জানাই এবং এই ধরনের আচরণকে কঠোরভাবে নিন্দা করি। সংশ্লিষ্ট কর্মীকে অবিলম্বে অফিসিয়াল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সংস্থাটি আরও জানিয়েছে, তদন্ত চলাকালীন তারা প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকবে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কড়া পদক্ষেপ
এই ঘটনায় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও কড়া অবস্থান নিয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত পাইলটকে অবিলম্বে গ্রাউন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি তদন্ত শুরু করা হয়েছে।
এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রক জানায়, “বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে অভিযুক্ত পাইলটকে অবিলম্বে গ্রাউন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং BCAS ও CISF-এর কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।”
দিল্লি বিমানবন্দরের মতো উচ্চ-নিরাপত্তার এলাকায় এই ধরনের ঘটনার অভিযোগ বিমান নিরাপত্তা ও যাত্রী সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।