
শেষ আপডেট: 27 October 2023 18:28
দ্য ওয়াল ব্যুরো: পরপর ১০০টি স্ট্রোক। এক সপ্তাহের মধ্যে এমন অঘটন ঘটে যায়। একটি স্ট্রোকের ধাক্কা সামলাতেই নাজেহাল হতে হয়, সেখানে ১০০ খানা স্ট্রোকের ধাক্কা সামলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৬৫ বছরের প্রৌঢ়।
ডাক্তারবাবুরা বলছেন, দিল্লির বাসিন্দা ওই প্রৌঢ়ের ১০০টি মিনি-স্ট্রোক বা ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়েছিল। মস্তিষ্কের ডানদিকে অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনী সরু হয়ে গিয়েছিল। যার ফলে তাঁর মস্তিষ্কে রক্ত এবং অক্সিজেন পৌঁছচ্ছিল না। সে জন্যই পরপর স্ট্রোক হয়। চিকিৎসকদের মতে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই ঘটনা অত্যন্ত বিরল।
পরপর স্ট্রোকের কারণে তাঁর কথা জড়িয়ে যায়। শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। ডান হাত এবং পা ক্রমশ অবশ হতে থাকে। একাধিক ডাক্তারের থেকে পরামর্শ নেওয়ার পরও কিছুতেই তাঁর রোগ ঠাওর করা যাচ্ছিল না। অবশেষে একাধিক মেডিক্যাল পরীক্ষার পর জানা যায় মাত্রাতিরিক্ত ধূমপানের জেরে প্রৌঢ়র ধমনী সরু হয়ে গিয়েছে। শরীরের বাঁ দিকে রক্ত সঞ্চালন একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। শরীরে রক্ত এবং অক্সিজেন মাত্রায় গরমিল হওয়ার জেরেই বারবার স্ট্রোকে আক্রান্ত হন তিনি।
বর্তমান সময়ে দাঁড়িয়ে হঠাৎ স্ট্রোক (Stroke) একটি গুরুতর সমস্যা। প্রতি ছয় জন মানুষের মধ্যে একজন স্ট্রোকে আক্রান্ত হন। পর্যাপ্ত জনসচেতনতার অভাবে অনেকে স্ট্রোককে শুধুমাত্র হার্টের অসুখ মনে করেন, তবে স্ট্রোকের কারণ অন্যও হতে পারে। কোনও কারণে যদি মস্তিস্কের কোষে রক্তসঞ্চালন বাধাগ্রস্থ হয় বা রক্তনালী ছিঁড়ে যায় তখন স্ট্রোক হাওয়ার ঝুঁকি অনেকখানি বাড়ে। সাধারণত ৬০ বছরের বেশি বয়সিদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচাইতে বেশি। তবে ইদানিংকালে তরুণ প্রজন্মের মধ্যে অনেককে স্ট্রোকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোক উত্তরোত্তর বেড়ে যাওয়ার মূল কারণ, বিশৃঙ্খল, ব্যস্ত ও অস্বাস্থ্যকর জীবনযাপন।
উচ্চ রক্তচাপ থাকলে, ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা থাকলে, ওজন বেশি হলে, বংশে কারও স্ট্রোকের ইতিহাস থাকলে টিআইএ হতে পারে। অতিরিক্ত নেশাও এর কারণ। মিনি স্ট্রোক বা টিআইএ হলেও সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়া জরুরি। তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে ভবিষ্যতে বড় রকম দুর্ঘটনা এড়ানো যেতে পারে।
ডাক্তারবাবুরা বলেন, আচমকাই এমন ঘটনা ঘটতে পারে যে কারও সঙ্গেই। একে সাধারণ ভাষায় বলে মিনি স্ট্রোক। ডাক্তারি পরিভাষায় যাকে বলে, ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক ( Transient ischemic attack )। যে কোনও বয়সেই মিনি স্ট্রোক হতে পারে। বাড়তে থাকা স্ট্রেস, উদ্বেগ, অতিরিক্ত পরিশ্রম, অনিয়মিত জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস–সবকিছুই এর কারণ হতে পারে। মিনি স্ট্রোক ধরতে পারেন না অনেকেই। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা ভেবে এড়িয়ে যান। ফলে এই ছোট ছোট লক্ষণগুলোই বড় আকার নিয়ে পরবর্তী সময়ে ব্রেন স্ট্রোকের কারণ হতে পারে।