ভয়াবহ গাফিলতির ঘটনায় বিস্তারিত তদন্তের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই রাঁচি থেকে পাঁচ সদস্যের এক মেডিক্যাল দল পাঠিয়েছে।

অভিযুক্ত ওই হাসপাতাল
শেষ আপডেট: 26 October 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসায় ভয়াবহ এক গাফিলতির ঘটনা প্রকাশ্যে এসেছে ঝাড়খণ্ডের চাইবাসার (Jharkhand Chaibasa) এক হাসপাতাল থেকে। থ্যালাসেমিয়ায় (Thalassemia) আক্রান্ত পাঁচ শিশুকে রক্ত দেওয়ার পর তাদের 'এইচআইভি পজিটিভ' ধরা পড়েছে (Jharkhand hospital HIV blood transfusion)।
ভুক্তভোগী সাত বছরের এক শিশুর পরিবারের অভিযোগ, চাইবাসার স্থানীয় ব্লাডব্যাঙ্ক থেকে শিশুদের যে রক্ত দেওয়া হয়েছিল তা এইচআইভি-সংক্রমিত (HIV affected)। এই অভিযোগ ঘিরে প্রশাসনিক স্তরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কী ভাবে সংক্রামিত রক্ত ব্লাডব্যাঙ্ক থেকে দেওয়া হল, এমন ভয়াবহ গাফিলতির ঘটনায় বিস্তারিত তদন্তের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই রাঁচি থেকে পাঁচ সদস্যের এক মেডিক্যাল দল পাঠিয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই সাত বছরের এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর শরীরে গত কয়েক মাসে মোট ২৫ ইউনিট রক্ত দেওয়া হয়েছিল। জেলা সিভিল সার্জন ডাঃ সুশান্ত মাঝি জানান, “প্রায় এক সপ্তাহ আগেই শিশুটির এইচআইভি রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সংক্রমণ কেবল রক্তের মাধ্যমে নয়, সুচ বা অন্যান্য কিছু থেকেও হতে পারে।”
তদন্ত কমিটির প্রধান, ঝাড়খণ্ডের হেলথ সার্ভিস ডিরেক্টর দিনেশ কুমার নিজে গিয়ে চাইবাসা সদর হাসপাতালের ব্লাডব্যাঙ্ক ও শিশু নিবিড় পরিচর্যা বিভাগ (PICU) পরিদর্শন করেছেন।
তাঁর কথায়, “প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুকে সংক্রামিত রক্ত দেওয়া হয়েছিল। ব্লাডব্যাঙ্কে কিছু অনিয়ম ধরা পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
এখনও পর্যন্ত তথ্য কী বলছে?
সরকারি রিপোর্ট অনুযায়ী, পশ্চিম সিংভূম জেলায় বর্তমানে ৫১৫ জন এইচআইভি আক্রান্ত রোগী এবং ৫৬ জন থ্যালাসেমিয়া রোগী রয়েছেন।
তদন্তে অংশ নেওয়া পাঁচ সদস্যের টিমে রয়েছেন, ডাঃ শিপ্রা দাস, ডাঃ এস. এস. পাসওয়ান, ডাঃ ভাগত, জেলা সিভিল সার্জন ডাঃ সুশান্ত মাঝি, ডাঃ শিবচরণ হাঁসদা ও ডাঃ মিনু কুমারী।
ঘটনাটি সামনে আসতেই রাজ্যজুড়ে স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আক্রান্ত শিশুদের অভিভাবকরা ক্ষোভে ফুঁসছেন, রক্ত পরীক্ষার নিয়ম মেনে না চলার দায় কেউ নেবে না কেন?