
দিল্লির তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা বাড়ছে
শেষ আপডেট: 20 June 2024 19:53
দ্য ওয়াল ব্যুরো: ১১ জুন থেকে ১৯ জুন। মাত্র এইটুকু সময়ের মধ্যে দিল্লিতে মৃত্যু হয়েছে ১৯২ জনের! প্রবল গরম এবং টানা তাপপ্রবাহের জন্য রাজধানীর কী অবস্থা তা সকলের জানা। তবে যে হারে মৃতের সংখ্যা বাড়ছে তাতে আরও আতঙ্ক সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।
হোলিস্টিক ডেভেলপমেন্ট নামের এক এনজিও সেন্টারের তথ্য বলছে, গত ৬ বছরের মধ্যে দিল্লির তাপপ্রবাহে সবথেকে বেশি মৃত্যু হয়েছে ২০২৪ সালেই। বিগত ৯ দিনের মধ্যে ১৯২ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে অন্তত ৮০ শতাংশই গৃহহীন। তাদের সকলের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। প্রত্যেকেরই তাপপ্রবাহের ফলে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।
এর আগে ২০২২ সালে দিল্লির গরমে সবথেকে বেশি মৃত্যু হয়েছিল। সেই সংখ্যাটা ছিল ১৫০। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৪৩, ২০২০ সালে তা কমে হয়েছিল ১২৪। সবথেকে কম মৃত্যুর ঘটনা ঘটেছিল ২০২১ সালে, ৫৮ জন। এছাড়া ২০২৩ অর্থাৎ গত বছরে দিল্লিতে গরমে মৃত্যু হয়েছিল ৭৫ জনের।
লাগাতার তাপপ্রবাহ চলছে রাজধানীতে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা একটানা ৪৫ ডিগ্রির ওপরে। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বর্তমানে অনেকে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি। তাঁরা সকলেই লাইফ সাপোর্টে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলিকে পদক্ষেপ নিতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসার জন্য আলাদা করে 'হিটওয়েভ ইউনিট' তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক মহলের বক্তব্য, অতিরিক্ত গরম এবং চরম তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা আগের তুলনায় ৬০-৭০ শতাংশ বেড়েছে! রোগীদের মধ্যে মাল্টি অরগ্যান ফেলিওর হওয়ার প্রবণতাও বাড়ছে।
আবহাওয়াবিদদের মতে, গত ১২ বছরে এমন গরমের দাবদাহ দেখা যায়নি রাজধানী দিল্লিতে। এই চরম পরিস্থিতির মধ্যে আবার সেখানে জলসঙ্কট দেখা দিয়েছে। দুইয়ে মিলিয়ে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত।