দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরেই শোকের ছায়া ঘনাল বেহালার পর্ণশ্রীতে। বছর শেষের পার্টি করতে গিয়ে বেশিই নেশা করে ফেলেছিলেন যুবক। বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল তাঁর।
গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটেছে পর্ণশ্রীর পারুই দাসপাড়া রোড এলাকায়। মৃতের নাম অপু মল্লিক। বয়স বছর পঁয়ত্রিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই জানা গিয়েছে।
বেহালার শকুন্তলা পার্কের কাছে এক বন্ধুর বাড়িতে বর্ষশেষের পার্টিতে গিয়েছিলেন অপু। পরিবার জানিয়েছে, ওই বাড়ির ছাদেই খানাপিনার আসর বসে। মাঝরাত অবধি চলে হুল্লোড়। বেশি নেশা করে ফেলেছিলেন অপু। অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপুর শরীর খারাপ করছিল। তিনি ছাদের কিনারায় চলে গিয়েছিলেন। সম্ভবত বমি করার জন্য ঝুঁকেছিলেন। তখনই বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে যান তিনি। মাথায় চোট গুরুতর ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
রক্তাক্ত অবস্থায় অপুকে নিয়ে হাসপাতালে ছোটেন বন্ধুরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, হাসপাতাল কর্মীদের সঙ্গে অপুর বন্ধুদের বচসাও হয়। অশান্তি চরমে উঠলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে যদিও কোনও অভিযোগ এখনও দায়ের করা হয়নি।