দ্য ওয়াল ব্যুরো : লাদাখে উত্তেজনার প্রেক্ষিতে ইতিমধ্যে বিভিন্ন চিনা সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করে দিচ্ছে ভারত। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বললেন, আগামী দিনে কোনও হাইওয়ে নির্মাণ প্রকল্পেও চিনা সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা হবে না। এদেশে কোনও ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও যাতে চিনারা বিনিয়োগ করতে না পারে, সেদিকেও সরকার নজর রাখবে।
চিন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরে সোমবার ভারতে ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। কারণ হিসাবে সরকার জানায়, ওই অ্যাপগুলি আমাদের জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এদিন গড়করি বলেন, "রাস্তা নির্মাণে কোনও চিনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে না। আমরা এ ব্যাপারে কঠোর অবস্থান নেব।"
পরিবহণ, হাইওয়ে, ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী নীতিন গড়করি বলেন, হাইওয়ে প্রকল্পে চিনা সংস্থাকে শীঘ্রই নিষিদ্ধ করা হবে। আমরা চেষ্টা করব যাতে ভারতীয় সংস্থাগুলি ওই কাজে অংশ নিতে পারে। বর্তমানে ভারতে বেশ কয়েকটি হাইওয়ে প্রকল্পে চিনা সংস্থা কাজ করছে। গড়করিকে এসম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, এর পরে যে টেন্ডার ডাকা হবে, সেখানে নতুন পলিসি কার্যকর হবে।
তাঁর কথায়, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভারতীয় সংস্থাগুলিকে কিছু ছাড় দেওয়া হবে। তাহলে তারা বৃহৎ প্রকল্পে অংশ নিতে পারবে।" গড়করি জানান, তিনি হাইওয়েজ সেক্রেটারি গিরিধারী আরামানি ও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান এস এস সান্ধুকে নির্দেশ দিয়েছেন, ভারতীয় সংস্থাগুলির ক্ষেত্রে আর্থিক ও প্রযুক্তিগত বিধিনিষেধ যেন শিথিল করা হয়। তাহলে তারা যে কোনও প্রকল্পে অংশ নিতে পারবে।
পরে মন্ত্রী বলেন, "আমাদের যদি প্রযুক্তি বা নকশা তৈরির ক্ষেত্রে বিদেশের সাহায্য নিতেই হয়, অন্তত চিনের থেকে কোনও সহায়তা নেব না।"
গত ১৫ জুন লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনী মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভারতের ২০ জন সেনা নিহত হন। চিনেরও অনেকে হতাহত হয়েছে। তারপরেই চিনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে ভারত।