দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে সাপ ঢুকলে এমনিই থরহরিকম্প অবস্থা হয়। আবার সেই সাপের যদি দুটো মাথা হয়?
এমনই জোড়া বিপত্তির মুখে পড়তে হল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ করোলিনা প্রদেশের এক বৃদ্ধাকে। জিয়েনিন উইলসন। দু'দিন আগে দেখতে পান ঘরের মেঝে বেয়ে বারান্দার দিকে যেন কী একটা যাচ্ছে! তারপর এগিয়ে গিয়ে দেখেন , যা ভেবেছেন তাই! সাপ। তার আবার দুটি মাথা!
কিন্তু ওই সময়ে ঘাবড়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করে পাড়া মাথায় করেননি তিনি। একটি মার্কিন ওয়েবসাইটকে তিনি জানিয়েছেন, "দুই মাথা বিশিষ্ট সাপটি দেখার পর আমি আমার নাতিকে ফোন করি। বাড়িতে আর কেউ ছিলেন না। নাতি আমায় জানায়, সে তাড়াতাড়ি আসছে।" ততক্ষণ আমি খেয়াল রাখি, সাপটি কোথাও যাচ্ছে কিনা। মোবাইলে ভিডিও তুলে রাখি।"
জিয়েনিন উইলসন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই মার্কিন মুলুকে তা ভাইরাল। বৃদ্ধার স্নায়ুর জোরকেও তারিফ করেছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, "আপনার সাহসকে কুর্নিশ! আমার ঘরে এমন সাপ দেখলে তো অজ্ঞান হয়ে পড়ে যেতাম!"
https://www.facebook.com/jeannie.simmons.77/videos/3607952949228499/
ওই বৃদ্ধা আরও জানিয়েছেন, সাপটি মোটেই বিষধর নয়। নাতি আসার পর একটি জারের মধ্যে বন্দি করা হয় সাপটিকে। তারপর সোজা নিয়ে যাওয়া হয় কাটাওবা সায়েন্স সেন্টারে। সেখানকার বিজ্ঞানীরা দেখে বলেছেন, দুইশ মাথা বিশিষ্ট সাপ একেবারেই বিরল। আপাতত কাটাওবা সায়েন্স সেন্টারেই রাখা রয়েছে সাপটি। সেখানকার গবেষকরা সাপটিকে সংরক্ষণ করে রেখেছেন।
কাটাওবা সায়েন্স সেন্টার একটি বিবৃতি দিয়ে এই বৃদ্ধা মহিলার প্রশংসা করেছেন। তাদের মতে, ঘরের সাপ ঢুকলে মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে তাকে পিটিয়ে মেরে দেওয়া। কিন্তু ইনি তা না করে যত্নের সঙ্গে সাপটিকে ধরে বিজ্ঞান কেন্দ্রে পৌঁছে দিয়েছেন।